নির্বাচন ঘনিয়ে এলেই কালো টাকা ছিটানোর অভিযোগ নতুন কিছু নয়। জয়পুরহাটের পৌরসভা নির্বাচনে এই কালো টাকার প্রভাব ঠেকাতে মহল্লায় মহল্লায় আগাম পাহারা বসিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কালাই ও আক্কেলপুরে প্রার্থীদের পক্ষ থেকে তাঁদের কর্মী-সমর্থকেরা সারা রাত জেগে নিজ নিজ পাড়া-মহল্লা পাহারা দিচ্ছেন। রাতে কে কখন মহল্লায় ঢুকছেন, কারা যাতায়াত করছেন দল বেঁধে তা নজরদারি করা হচ্ছে। কেউ যাতে কালো টাকা ছিটাতে না পারে, এ জন্য ভোটারদের মধ্যেই ‘নির্বাচনী গুপ্তচর’ নিয়োগ করেছেন কেউ কেউ। কালাইয়ের মেয়র প্রার্থী আবদুল আলিম বলেন, ‘ভোটার ছাড়া আমার সম্পদ বলতে আর কিছুই নেই। সেই ভোটারদের কালো টাকা দিয়ে কেউ যাতে প্রভাবিত করতে না পারে, এ জন্য নিজের মহল্লাসহ বেশ কয়েকটি মহল্লায় পাহারা বসিয়েছি। নেতা-কর্মীরা রাত জেগে এসব মহল্লা পাহারা দিচ্ছেন। টাকাওয়ালা প্রার্থীরা মহল্লায় ঢুকলেই তাঁরা মোবাইলে ওই এলাকার ক্যাম্পে খবর দিচ্ছেন।’অপর প্রার্থী হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘আমার কোনো টাকা নেই। তাই নির্বাচনে কালো টাকার বিপক্ষে আমিও। বেশ কয়েকজন প্রার্থী কালো টাকা ছিটানো শুরু করেছেন জানতে পেরে মহল্লায় মহল্লায় পাহারা বসিয়েছি। ভোটারদের মধ্য থেকেই গুপ্তচর নিয়োগ করেছি।’কালাইয়ের সহকারী রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘টাকা দিয়ে প্রভাব বিস্তারের প্রমাণসহ অভিযোগ পেলে ওই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে আক্কেলপুরে তিনজন মেয়র, ৩৪ জন সাধারণ ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভোট কেনাবেচা ঠেকাতে এলাকার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের লোকজন পাহারা দিচ্ছেন। তাঁরা রাত আটটার পর থেকে ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে গভীর রাত পর্যন্ত মহল্লার অলিগলি ঘুরছেন। অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর পদপ্রার্থী জানান, তাঁর এলাকায় এক প্রার্থী ভোট কেনার ঘোষণা দিয়েই মাঠে নেমেছেন। ওই প্রার্থীর লোকজন টাকা-পয়সা নিয়ে রাতে ঘোরাফেরা করছে। ভোট বেচাকেনা ঠেকাতে তাই রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। নির্বাচনের আগের রাত পর্যন্ত পাহারা চলবে। ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রফিকুল ইসলাম জানান, রাত আটটার পর এক মহল্লার মানুষ অন্য মহল্লায় যাচ্ছে না। যেমন শ্রীকৃষ্টপুর মহল্লার বাসিন্দারা যাচ্ছে না পাশের হাস্তাবসন্তপুর মহল্লাতেই। শ্রীকৃষ্টপুর মহল্লার বাসিন্দা আলম হোসেন বলেন, ‘চোর-ডাকাত ঠেকাতে মানুষ রাতে পাহারা দেয়। আমরা ভোট বেচাকেনা ঠেকাতে পাহারা দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু যত কষ্টই হোক নির্বাচনের আগের রাত পর্যন্ত পাহারা চলবে।’ আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, নির্বাচনের কারণে পৌর এলাকার প্রতিটি মহল্লায় রাতে প্রার্থীদের লোকজন পাহারা দিচ্ছে। পেট্রল ডিউটি করতে গিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। এতে মহল্লাগুলোতে চুরি-ডাকাতিও কমে গেছে।রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ এম রফিকুন্নবী বলেন, এগুলো প্রার্থীদের নিজম্ব উদ্যোগ। তবে এখন পর্যন্ত কোনো প্রার্থীর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তাঁর কাছে আসেনি।