'নির্বাচনী ট্রেনে' ওঠার সুযোগ নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: শিশির
কার্টুন: শিশির

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে রাজনৈতিক মারপ্যাঁচে সফল হতে চায় সরকার। বিএনপি ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের সব আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হওয়ার পথে। প্রধান বিরোধী দলের এই ‘নির্বাচনী ট্রেনে’ ওঠার সুযোগ বা সম্ভাবনা নেই বললেই চলে।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। তফসিল বা নির্বাচনের বিষয়ে সব সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার দুই সপ্তাহ পর সরকারের সুস্পষ্ট অবস্থান হচ্ছে, এখন যা কিছু করার, তা করবে নির্বাচন কমিশন। জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে প্রথম দফা বৈঠকেও এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সব কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে, কমিশন তাকিয়ে থাকছে সরকারের দিকে। নির্বাচনের তারিখ ঘোষণা থেকে শুরু করে এ পর্যন্ত কমিশনের কাজকর্মে সরকারের প্রতি নির্ভরতার কিছু বড় নজিরও তৈরি হয়েছে।

তারানকোর সফর সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে। কিন্তু প্রধান দুই দলের একাধিক সূত্র জানিয়েছে, গতকাল পর্যন্ত কারও অবস্থানে কোনো রকম নড়চড় হয়নি। তবে তারানকোর দৌড়ঝাঁপ এবং সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে যোগাযোগ ও বৈঠক বাহিক্যভাবে অনিশ্চিত পরিস্থিতির মধ্যে একধরনের আগ্রহ তৈরি করেছে।

সরকার ও বিরোধী দলের একাধিক সূত্র জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে রাখা বা না-রাখা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেও ক্ষমতা কমিয়ে দেওয়া, নিবিড়ভাবে জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপিকে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তারানকোর মধ্যস্থতায় দুই দলের মধ্যে আলোচনার কথা হাওয়ায় ভাসছে।

সরকারি দলের একাধিক সূত্র বলছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুরু থেকেই নাকচ করে আসছে সরকার। এখনো সেই অবস্থানে তারা অনড়। এ ক্ষেত্রে উচ্চ আদালতের রায় সরকারের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে না রাখার দাবিও সরকারের পক্ষ থেকে সরাসরি নাকচ করা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেও তাঁকে ক্ষমতাহীন করে রাখার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে কীভাবে ক্ষমতাহীন প্রধানমন্ত্রী সম্ভব, তা নিয়ে বিএনপি, সরকার বা তারানকো—কারও কাছে সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভানেত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারপ্রধান কীভাবে ক্ষমতাহীন হবেন, তিনি কার কাছে তাঁর ক্ষমতা দেবেন—সেসব বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে, তা নতুন কিন্তু কতটা বাস্তবসম্মত, তা নিয়ে কারও কোনো ধারণা নেই। তবে নির্বাচনে আসতে চাইলে দর-কষাকষি ছাড়াই বিএনপিকে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শুরুতেই সরকার বিএনপিকে কয়েকটি মন্ত্রণালয় দিতে চেয়েছিল। বিষয়টি তারানকোকে জানিয়েছে সরকার। তবে বিএনপির পক্ষ থেকে তারানকোকে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কয়েকটি মন্ত্রীর পদ নিয়ে বাড়তি কোনো সুবিধা পাবে না তারা।

সরকারের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এই তিনটি বিষয় নিয়ে মূল আলোচনা হলেও সরকারের বর্তমান মনোভাব হচ্ছে, নির্বাচনের যে ট্রেন যাত্রা শুরু করেছে, তা গন্তব্যে পৌঁছাবে। গত ২৫ নভেম্বর তফসিল ঘোষণার পর চলমান অবরোধ, সহিংসতা ও প্রাণহানি সত্ত্বেও নির্বাচন করার বিষয়ে সরকার আস্থা পাচ্ছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার সক্ষম। পুরো পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দুই সপ্তাহ সামাল দেওয়া গেছে। পরবর্তী তিন সপ্তাহ পরিস্থিতি সামাল দিতে নিয়মিত বাহিনীর পাশাপাশি থাকবে সেনাবাহিনী।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সেনা মোতায়েনের অনুরোধ জানাবে কমিশন। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর যেকোনো দিন সেনা মোতায়েন হতে পারে।

এদিকে নির্বাচন হবে কি না—এমন সংশয় না রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলোচনায় মন্ত্রীদের এ পরামর্শ দেন তিনি। মন্ত্রিসভার একাধিক সদস্য জানান, প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার নির্দেশ দেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদসহ অন্য কমিশনাররা বলেছেন, সমঝোতা হলে তফসিল পরিবর্তনসহ সবই সম্ভব। তবে সমঝোতার আগে তফসিল পরিবর্তনের ঝুঁকি নিতে চায় না কমিশন।

তবে এ কথা বললেও বাস্তবে কমিশন ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। বিএনপিসহ ১৮-দলীয় জোট নির্বাচনে অংশ না নেওয়ায় এবার এক হাজার ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা অন্যবারের চেয়ে কম। এগুলোর মধ্যে ২৬০টি মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাতিল হয়ে গেছে। এর মধ্যে অবশ্য জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় কমিশন শঙ্কিত হয়ে পড়েছে। কারণ, এতে প্রার্থীর সংখ্যা অস্বাভাবিক কমে যাবে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।

কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, সরকারপক্ষ নির্বাচন কমিশনকে স্বাধীন দাবি করলেও বাস্তব অবস্থা তা নয়। সংবিধান অনুযায়ী কমিশনার নিয়োগের আইন প্রণয়ন না হওয়ায় বর্তমান কমিশনও দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে, যে কারণে কমিশন সরকারের চাপের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, সরকারের পরামর্শে কমিশন কাজ করছে—এ অভিযোগ সঠিক নয়। কমিশন রাজনৈতিক সমঝোতাকে ত্বরান্বিত করতেই আগেভাগে তফসিল ঘোষণা করেছে। বিরোধী দল এলে যাতে পুনরায় তফসিল করা যায়, সে জন্য ২০০৮-এর মতো সময়ও হাতে রাখা ছিল। কিন্তু কোনো দলের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

কমিশনের ওপর সরকারের প্রভাব সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, সরকার বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়। সে জন্য যা যা করণীয়, কমিশন করে যাচ্ছে। তারা স্বাধীন বা নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।