'নির্বাচনী ভোজ' নয় 'কাঙালি ভোজ'
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) মনোনয়নপত্র দাখিলের দিন ভোজের আয়োজনের সত্যতা স্বীকার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী। তবে নির্বাচন কমিশনের কাছে তিনি লিখিতভাবে বলেছেন, সেটি ‘নির্বাচনী ভোজ’ নয়, বাবা-মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-খায়ের ও মিলাদ মাহফিল শেষে তামদারি (কাঙালিভোজ) ছিল।
১২ মে লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলামের কাছে নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ ফারুক। এর আগে দুই দিনের সময় বেঁধে দিয়ে রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম গত সোমবার আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান।
আবদুল্লাহ আল ফারুক ৯ মে খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসায় চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান বন্ধ রেখে ‘নির্বাচনী ভোজের’ আয়োজন করেন। ওই ভোজে ১৮ মণ চালের ভাত আর পাঁচ মণ গরুর মাংসের সঙ্গে ১৫ মণ আলু দিয়ে তরকারি রান্না করে পাঁচ হাজার থেকে ছয় হাজার কর্মীকে খাওয়ানো হয়। এ নিয়ে গত সোমবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘আ.লীগ প্রার্থীর ‘নির্বাচনী ভোজ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।