'নির্বাচনী ভোজ' নয়, 'কাঙালি ভোজ'
‘নির্বাচনী ভোজ’ নয়, মা–বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়াখায়ের ও মিলাদ–মাহফিল শেষে ‘তামদারি ভোজ’-এর (কাঙালি ভোজ) আয়োজন করা হয়েছিল—নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে আবদুল্লাহ আল ফারুক এ কথা ১২ মে লিখিতভাবে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলামের কাছে।
ফারুক বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকও। মনোনয়নপত্র দাখিলের দিন ওই ভোজের আয়োজন করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম আজ সোমবার প্রথম আলোকে বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাবে চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ভোজ আয়োজনের কথা স্বীকার করেছেন। তবে সেটি ‘নির্বাচনী ভোজ’ ছিল না, মা–বাবার মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়াখায়ের শেষে ‘তামদারি ভোজ’ ছিল বলে লিখিতভাবে উল্লেখ করেছেন তিনি। লিখিত জবাব ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
এর আগে ১০ মে দুদিনের সময় বেঁধে দিয়ে আবদুল্লাহ আল ফারুকের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান রিটার্নিং কর্মকর্তা।
তবে ১১ মে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপিয়ে আবদুল্লাহ আল ফারুক দাবি করেছিলেন, ‘দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ বছর যাবৎ তামদারি ভোজের আয়োজন করে আসছেন তাঁর চাচা মাহমুদুর রহমান। ওই ভোজেই আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নিয়েছেন। সেটি কোনো নির্বাচনী ভোজ ছিল না।’
আবদুল্লাহ আল ফারুক ৯ মে খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসায় চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান বন্ধ রেখে নির্বাচনী ভোজের আয়োজন করেন। নির্বাচনী ভোজে ১৮ মণ চালের ভাত আর ৫ মণ গরুর মাংসের সঙ্গে ১৫ মণ আলু দিয়ে তরকারি রান্না করে পাঁচ-ছয় হাজার কর্মীকে খাওয়ানো হয়। এর আগে মোটরসাইকেলের শোডাউন ও মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের এই প্রার্থী।
এ নিয়ে ১০ মে প্রথম আলোয় ‘আ.লীগ প্রার্থীর “নির্বাচনী ভোজ”’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
আরও পড়ুন:
আ.লীগ প্রার্থীর ‘নির্বাচনী ভোজ’