'নির্বাচনী মার্কার বাজার'

ছুটির দিনের নীরব-নিস্তব্ধতার বদলে গতকাল শুক্রবার সকাল থেকেই সরগরম ছিল বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বর। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী আর কর্মী-সমর্থকদের ভিড়ে মুখর ছিল পরিবেশ।
আর এই উৎসবে জমে উঠেছিল ‘নির্বাচনী মার্কা বিক্রি’র ব্যতিক্রমী বাজার। দূরদূরান্ত থেকে বিক্রেতারা এখানে নির্বাচনী মার্কা-সংবলিত নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। প্রার্থী ও কর্মী-সমর্থকেরা এসব মার্কা আঁকা নির্বাচনী পণ্য কিনতে দোকানে দোকানে হুমড়ি খেয়ে পড়েছিলেন। পণ্যের মধ্যে ছিল প্রার্থীর পছন্দের প্রতীক-সংবলিত কাগজে ছাপানো লেমিনেটিং করা রঙিন কার্ড, রঙিন স্টিকার, রঙিন ফিতা লাগানো গলায় ঝোলানোর জন্য ব্যাজ, বুকে লাগানোর জন্য ব্যাজ এবং প্রতীক-সংবলিত রঙিন সানক্যাপ।
শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত সাতটি দোকানে কেনাবেচা চলে।
নির্বাচনী পণ্য বিক্রি করতে আসা ব৵ক্তিদের অধিকাংশই ‘মৌসুমি ব্যবসায়ী’। স্কুল-কলেজে পড়ার ফাঁকে নির্বাচনী পণ্য বিক্রির এই মৌসুমি ব্যবসায় জড়িয়ে পড়েছে তারা। ইউপি নির্বাচন শুরুর পর থেকেই বিভিন্ন জেলায় পণ্যের পসরা নিয়ে ছুটছে।
ময়মনসিংহ থেকে ‘নির্বাচনী পণ্য’ বিক্রি করতে বগুড়ায় এসেছিল দুই স্কুলছাত্র মোশারফ হোসেন ও মাহবুবুর রহমান। মাহবুবুর জানায়, ময়মনসিংহ সদরের মিতাগঞ্জ রানীরাজবালা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এবার সে এসএসসি পাস করেছে। ইউপি নির্বাচন শুরু হওয়ার পর থেকেই চাচাতো ভাই মোশারফকে নিয়ে বিভিন্ন জেলা ঘুরে নির্বাচনী প্রতীকের এসব পণ্য বিক্রি করছে। মোশারফ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রতীক বরাদ্দের দিনেই তারা উপজেলা পরিষদ চত্বরে এসব পণ্যের পসরা সাজিয়ে বসে। এক-একটি উপজেলায় ১০ থেকে ২০ হাজার টাকার নির্বাচনী পণ্য বিক্রি হয়।
দশম শ্রেণির ছাত্র ফরহাদ হোসেনকে সঙ্গে নিয়ে দোকান সাজিয়ে বসেছিল সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র আরিফ আহমেদ। সে বলে, ‘পড়াশোনার ফাঁকে বাড়তি উপার্জনের জন্যই নির্বাচনী পণ্যের মৌসুমি এই ব্যবসা করছি। ছয় ধাপের ইউপি নির্বাচনে শুধু প্রতীক বরাদ্দের দিনেই নির্দিষ্ট জেলায় এসব পণ্য বিক্রি করা সম্ভব হয়। প্রতিটি ধাপে খরচ বাদে তিন থেকে পাঁচ হাজার টাকা লাভ টেকে।’
খুলনা থেকে আসা বিক্রেতা আবদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া নানা প্রতীকের এসব কার্ড-ব্যাজ ছাপিয়ে বাজারে ছেড়েছে প্রেস ও স্টেশনের পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো। প্রতীক বরাদ্দের দিনে প্রার্থী-সমর্থকদের মধ্যে নতুন প্রতীক পেয়ে উত্তেজনা থাকে। খুশি হয়েই তাঁরা পছন্দের প্রতীকের নানা পণ্য কেনেন। আলাদাভাবে এসব কার্ড তৈরি করা প্রার্থীর পক্ষে ব্যয়বহুল হবে।
একটি দোকানে বক প্রতীকের গলার ব্যাজ ও রঙিন কার্ড কিনছিলেন বগুড়া সদরের শাখারিয়া ইউপির ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী ফাতেমা বেগম। তিনি বলেন, ‘পছন্দের মার্কা বক পেয়েছি, তাই কর্মীদের জন্য তাৎক্ষণিকভাবে মার্কার রঙিন কিছু কার্ড ও ব্যাজ কিনছি।’
বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, নির্বাচনী এসব পণ্য বিক্রি করে শিক্ষার্থীদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হলেও রঙিন পোস্টার-লিফলেট বা ওই জাতীয় যেকোনো কিছুর মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি এত দিন নজরে আসেনি। কোনো প্রার্থী বা সমর্থকের রঙিন প্রতীকের এসব কার্ড বা ব্যাজে প্রচারণা চালানোর বিষয়টি নজরে এলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।