'নির্বাচনী সরকার' চালাতে রাষ্ট্রপতির অনুমতি পেয়েছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি তাঁকে নির্বাচনকালীন সরকার পরিচালনার অনুমতি দিয়েছেন। গতকাল বুধবার নবম সংসদের শেষ অধিবেশনের শেষ কার্যদিবসের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্রধান বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অধিবেশন শেষ হতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। গণতান্ত্রিক রীতি অনুযায়ী রাষ্ট্রপতিকে জানিয়েছি, আমরা নির্বাচনে প্রস্তুত। তিনি আমাকে নির্বাচনকালীন সরকার পরিচালনা অব্যাহত রাখার অনুমতি দিয়েছেন। তাঁর পরামর্শেই সব দল নিয়ে ছোট পরিসরে নির্বাচনকালীন সরকার গঠন করা হয়েছে। দপ্তর বণ্টনের গেজেট কাল (আজ বৃহস্পতিবার) হবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘নির্বাচনকালীন সরকার কেবল দৈনন্দিন (রুটিন) কাজ করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলবে। এ সময় সরকার কোনো সুযোগ-সুবিধা নেবে না। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হবে। এটা আমরা শুরু করতে চাই, যাতে ভবিষ্যতেও তা অব্যাহত থাকে।’
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন বানচাল করার ক্ষমতাও কারও থাকবে না। নির্বাচনের পর গণতন্ত্রের ধারা আরও মজবুত হবে। জনগণ যাকে ভোট দেবে, সে-ই ক্ষমতায় যাবে।
তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে থাকবে। তারা বদলিসহ প্রয়োজনীয় সব কাজ করতে পারবে। সংসদীয় রীতি অনুযায়ী আমরা এতে বাধা দেব না।’
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সংসদের এটিই শেষ অধিবেশন। এবার নির্বাচন। দেশে জরুরি অবস্থা বা যুদ্ধাবস্থা সৃষ্টি না হলে অধিবেশন আর বসবে না। নবনির্বাচিত ব্যক্তিরা এসে সংসদে বসবেন।
এ সময় প্রধানমন্ত্রী সংসদ পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের ভুলত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সংসদ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অতীতে এ দেশের মানুষ সংবিধান অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ২০০১ সাল ছাড়া কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। এটা জাতির জন্য দুর্ভাগ্যের। তিনি প্রশ্ন তোলেন, ভোটের অধিকার আদায়ে কেন মানুষকে বারবার রক্ত দিতে হবে, কেন বারবার সংগ্রাম করতে হবে।
দলীয় ও জোটের সাংসদদের টেবিল চাপড়ানোর মধ্যেই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের অধিকার সংরক্ষণের জন্য সংবিধান সংশোধন করেছি। সেই সংশোধনের কাজে আমরা বিরোধী দলকে ডেকেছি। কিন্তু তারা আসেনি। বিশ্বের অন্যান্য দেশের মানুষ যেভাবে তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করে, সেভাবে এ দেশের মানুষও ভোগ করবে। সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা সেই ব্যবস্থা করেছি, যাতে কোনো অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’
নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ায় জাতীয় পার্টিসহ অন্যান্য দলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন পরিচালনা করতে ছোট পরিসরের মন্ত্রিসভা করা হয়েছে। কিন্তু বিরোধী দল সাড়া দেয়নি। তারা সরকারে আসলে আমরা আনন্দিত হতাম।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে। ছবিসহ ভোটার তালিকা আছে। সুতরাং, আগের মতো নির্বাচনে কারচুপির সুযোগ নেই। তিনি উদাহরণ দিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে পাঁচ হাজার ৮২৮টি নির্বাচন হয়েছে, ৬৪ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিরোধী দল ও কোনো গণমাধ্যম এসব নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি। কারণ, সরকার নির্বাচনে হস্তক্ষেপ করেনি। আগামী নির্বাচনেও আমরা কোনো অনিয়ম হতে দেব না।’
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তিনি আবারও তত্ত্বাবধায়ক সরকার চান। তাহলে তো দেশের মানুষ মনমতো তাদের সরকার গঠন করতে পারবে না। তিনি কেন দেশকে অন্ধকারে নিয়ে যেতে চান। যতক্ষণ ক্ষমতায় আছি, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার নিয়ত আমার নাই।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিনি কেন হাসিনামুক্ত বাংলাদেশ চান। মানে আমার মৃত্যু কামনা করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছেন। এত কিছুর পরও আমি তাঁকে দাওয়াত দিয়েছি। শুধু দেশের মানুষের জন্য। হরতাল থেকে মানুষকে বাঁচাবার জন্য। ফোনে তাঁর যে বাচনিক শুনলাম, আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছেন। অন্য কেউ হলে ফোনই ভেঙে ফেলত। আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য দেন। তার পরও তিনি আমার ডাকে সাড়া দেননি। তাঁর আন্দোলনেও জনগণের সাড়া মেলেনি। তবু তাঁকে অনুরোধ, তিনি নির্বাচনে আসুন। তাঁর যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে তিনি নির্বাচনে আসবেন।’
এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশ মনে করে, বাংলাদেশ তাদের জন্য উন্নয়নের রোল মডেল। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত সোনার বাংলা হবে। সে লক্ষ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ হবে শান্তির দেশ। এ জন্য আমি দেশবাসীর সহযোগিতা চাই।’
অধিবেশনের সমাপ্তি: বিরোধী দলের অনুপস্থিতির মধ্য দিয়ে গতকাল নবম সংসদের শেষ অধিবেশনের শেষ কার্যদিবসের বৈঠক বসে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের সমাপ্তি-সম্পর্কিত রাষ্ট্রপতির ঘোষণা পড়ার মাধ্যমে রাত আটটা ২৫ মিনিটে স্পিকার অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বর্তমান সংসদে মোট ৪১৮ কার্যদিবস বৈঠক বসে। এ সময়ে মোট ২৭১টি বিল পাস হয়, যা অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এ সংসদে বিরোধী দল সব মিলিয়ে ৭৬ কার্যদিবস উপস্থিত ছিল। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন মাত্র ১০ কার্যদিবস।
বর্তমান সংসদে পাস হওয়া উল্লেখযোগ্য আইনগুলোর মধ্যে রয়েছে: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, ঢাকা সিটি করপোরশেন দ্বিখণ্ডিত করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) ২০১১, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, গ্রামীণ ব্যাংক বিল, রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিন বছরের সদস্য থাকার বিধান তুলে দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) (সংশোধন) বিল, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯, তথ্য অধিকার আইন ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন ২০০৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ আইন ২০১০।
বিল পাস: গতকাল সংসদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ২০১৩, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ২০১৩, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ২০১৩, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল ২০১৩, বাংলাদেশ তাঁত বোর্ড বিল ২০১৩, ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ বিল ২০১৩, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক বিল ২০১৩ পাস হয়। বিলগুলো উত্থাপন করেন যথাক্রমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিলগুলো কণ্ঠভোটে পাস হয়।