'নির্বাচনে অনিয়মের অভিযোগ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অনিয়মের অভিযোগকে ‘রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন সমিতির পাঁচজন সদস্য।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরামের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার তাঁরা এ মন্তব্য করেন। এই পাঁচজন হলেন: সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল খায়ের, সহসম্পাদক দিলোয়ার মোস্তফা চৌধুরী, সদস্য মহিউদ্দিন শামীম, এ কে এম দাউদুর রহমান ও অমিত দাশগুপ্ত।
গত ৩১ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ আনেন সমিতির সাধারণ সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন। এ সময়ে বিএনপিপন্থী আইনজীবী ও নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পরাজিত কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন। তবে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ছিলেন না।
গতকালের সংবাদ সম্মেলনে সমিতির ওই পাঁচ সদস্য বলেন, ৩১ আগস্টের সংবাদ সম্মেলনের বিষয়ে মাহবুব উদ্দিন খোকন তাঁদের কিছু জানাননি। বার কাউন্সিলের নির্বাচনের চার দিন পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের পদমর্যাদা ব্যবহার করে তিনি পরাজিত প্রার্থীদের নিয়ে অসত্য তথ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছেন। একই সঙ্গে আইনজীবীদের ও দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছেন। সমিতির এই পাঁচ সদস্য আরও বলেন, ‘আমরা কথিত সংবাদ সম্মেলনের আয়োজন ও বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি।’
মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ‘এত বিপুলসংখ্যক আইনজীবী যে ভোটার তালিকায় নেই, তার খবর ওনারা রাখেননি। ওনাদেরই উচিত ছিল আমাকে এ বিষয়ে বলার জন্য। আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে সংবাদ সম্মেলন করেছি।’
গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।