'নির্বাচনে পরাজিত হলে অনেকের প্রাণ যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের নির্বাচনে পরাজিত হলে অনেকের প্রাণ যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, ‘সামনের যে ভোটযুদ্ধে বা নির্বাচনে যা-ই বলেন, পরাজিত হলে আমাদের প্রাণ যাবে। আপনাদেরও অনেকের হয়তো প্রাণ যাবে। আমার প্রাণ যাওয়া নিয়ে ভয় করি না। তবে সবচেয়ে বড় যে কথা তা হলো দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’
গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নিজের লেখা বই বাংলাদেশের সরকার ১৯৭১-৭৫ নিয়ে এক আলোচনা সভায় এইচ টি ইমাম এই কথা বলেন। তিনি এ সময় বলেন, ১৯৭০ সালের নির্বাচনেও ৩০ শতাংশ ভোটার আওয়ামী লীগকে ভোট দেননি। এঁরা ছিল মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম। এ শক্তি এখন অনেক বড় হয়েছে। আগামী নির্বাচন বাধা দেওয়ার জন্য দেশি-বিদেশি চক্রান্তের পাশাপাশি এই শক্তি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী দেশ গঠন প্রক্রিয়া বোঝার জন্য যুবকদের প্রতি এইচ টি ইমামের লেখা বইটি পড়ার পরামর্শ দেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।