'নির্বাচনে যাচ্ছেন না বলেই এরশাদ আটক'

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ নির্বাচনে যাচ্ছেন না বলেই তাঁকে আটকে রাখা হয়েছে। নির্বাচনী ইশতেহার ঘোষণা এরশাদের অনুমতি ছাড়াই করা হয়েছে বলে দাবি করেছেন এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। আজ শনিবার সকালে লন্ডন থেকে এক ভিডিওবার্তায় তিনি এ দাবি করেন। এতে তাঁর উদ্দেশে লেখা দলের চেয়ারম্যানের একটি চিঠিও দেখান।
ববি বলেন, জাতীয় পার্টির কয়েকজন নেতা ২ জানুয়ারি যে ইশতেহার উপস্থাপন করেছেন, সেটা এরশাদ কর্তৃক অনুমোদিত। তবে এটার উপস্থাপন করার কথা ছিল জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে। তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান সাহেবই এটা প্রস্তুত করেছিলেন, আমরা সবাই এটার সাথে জড়িত ছিলাম। কথা ছিল, যদি আমরা নির্বাচনে যাই, তাহলে এটা আমরা দেশবাসীর কাছে উপস্থাপন করব।’
যে নেতারা প্রেস কনফারেন্স করেছেন, তাঁরা দাবি করেছেন, ‘চেয়ারম্যান সাহেব এবং আমাদের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ অসুস্থ বলে আসেননি। আমাদের আরেকজন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী জি এম কাদের সাহেব ক্যাম্পেইনে ব্যস্ত বলে আসেননি। এ ছাড়া পার্টির মহাসচিব, যাঁর মূল দায়িত্ব এই প্রেজেন্টেশনগুলো করা, তিনি ক্যাম্পেইনে ব্যস্ত বলে আসেননি। পুরো দেশবাসীই জানেন, জি এম কাদের সাহেব, রুহুল আমিন হাওলাদার সাহেব ক্যাম্পেইন করছেন না। তাঁরা ৫ তারিখের প্রহসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন, কিন্তু সরকার সেটা গ্রহণ করতে দেননি রিটার্নিং কর্মকর্তাদের। তাঁদের নাম নিয়ে এই ধরনের মিথ্যাচার দেশবাসী গ্রহণ করবে না।’
ববি হাজ্জাজ ‘৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন’ বয়কট করতে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে নেতা-কর্মীদের আহ্বান জানান। তিনি বলেন, ‘যাঁরা ইলেকশনে যাচ্ছেন, তাঁরা নিজেরা যাচ্ছেন, নিজ দায়িত্বে যাচ্ছেন। তাঁরা যা খুশি বলতে পারেন। চেয়ারম্যান সাহেব নির্বাচনে যাচ্ছেন না এবং সেই কারণে তিনি দেশবাসীর সামনে আসতে পারছেন না। কারণ দেশবাসীর সামনে এলে উনি এটাই বলবেন যে, উনি নির্বাচনে যাচ্ছেন না।’
এরশাদের এই বিশেষ উপদেষ্টা আরও বলেন, জাতীয় পার্টি দল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। চেয়ারম্যানের নাম নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো পুরোপুরি ভুল। দেশবাসীর ভেতর এবং পুরো পার্টির ভেতর বিভ্রান্তি সৃষ্টির এটা একটা প্রচেষ্টা মাত্র।