'নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না'
আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির আহ্বায়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নির্বাচনে ১২টি দল অংশ নিচ্ছে। সংসদে যে দলের অবস্থান মাত্র ১০ শতাংশ, তারা না থাকলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল রোববার এ কথা বলেন মহীউদ্দীন খান আলমগীর। এর আগে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘কমিশন আওয়ামী লীগের কোনো প্রার্থীকে সতর্ক করলে তা রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি যেন আমাদেরও জানানো হয়, সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। কারণ, আমরা চাই কমিশনকে সহযোগিতা করতে।’
মাত্র ১৪৬ আসনের নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের যৌক্তিকতা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তারা নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
সিইসির সঙ্গে দেখা করা আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন সাংসদ আবদুস ছাত্তার ও ফজিলাতুন্নেসা বাপ্পি, রিয়াজুল কবির কাওসার, কেয়া চৌধুরী প্রমুখ।