'নির্বাসিত' কিশোরী ও তার স্বামী গ্রামে ফিরেছেন
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে যশোরের কেশবপুরের সেই কিশোরী এবং তার স্বামী গ্রামে ফিরতে পেরেছেন। জোরপূর্বক বিয়ে দেওয়ার পর গ্রাম্য মাতবরদের সালিসে তাঁদের নির্বাসনে পাঠানো হয়েছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২ মার্চ কেশবপুরের বাগডাঙ্গা গ্রামের কিশোরী সুইটি রানী সরকারের বিয়ের আয়োজন করে তার পরিবার। কিন্তু ওই বিয়েতে রাজি নয় জানালে এলাকার কিছু যুবক মেয়েটিকে বেদম মারপিট করেন। এরপর টানতে টানতে গ্রামের গোপাল সরকারের বাড়িতে নিয়ে যান। পরে তাঁরা দুজনের বিয়ে দেন। এরপর গ্রাম্য মাতবররা সালিস বসিয়ে সুইটি ও তার স্বামী গোপালকে নির্বাসনে পাঠানো এবং গোপালের পরিবারকে একঘরে করার সিদ্ধান্ত দেন। এ ঘটনা নিয়ে ২৪ এপ্রিল প্রথম আলোয় ‘কিশোরীকে জোর করে বিয়ে, স্বামীসহ নির্বাসন’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে খুলনার বিভাগীয় কমিশনারের নির্দেশে কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির গত মঙ্গলবার বাগডাঙ্গা গ্রামে যান। তিনি মাতবরদের দেওয়া সিদ্ধান্ত আইনের পরিপন্থী বলে জানিয়ে দেন। ইউএনও নির্বাসনে পাঠানো দুজনকে গ্রামে ফিরিয়ে আনতে ও ছেলেটির পরিবারের ওপর অত্যাচার বন্ধের নির্দেশ দেন। এ সময় স্থানীয় পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম বিষয়টি সামাজিকভাবে সমাধানের আশ্বাস দেন।
চেয়ারম্যানের উপস্থিতিতে গত শুক্রবার রাতে বাগডাঙ্গা গ্রামে সালিস বসে। এতে ভুক্তভোগী সুইটি সরকার ও গোপাল সরকার এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রাম্য মাতবররা উপস্থিত ছিলেন। সালিসে সিদ্ধান্ত হয়, এখন থেকে সুইটি ও গোপাল গ্রামেই থাকবেন। সুইটি পুনরায় স্কুলে পড়াশোনা করবে। সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্বামী গোপালের সঙ্গে সংসার শুরু করবে। এ ছাড়া গোপালের পরিবার সব ধরনের সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ‘বাগডাঙ্গা গ্রামে সবাই যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে জন্য আমরা লক্ষ রাখব। গ্রাম্য মাতবরদের কোনো সিদ্ধান্তে যাতে অশান্তির সৃষ্টি না হয়, সেটি দেখার দায়িত্ব প্রশাসন নিচ্ছে।’