'নির্ভার' আ.লীগ, প্রতীকে 'বলীয়ান' বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থীর পাশাপাশি দলের একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এলাকায় পরিচিতিও কম দল মনোনীত প্রার্থীর। এত কিছুর মধ্যেও ধানের শীষ প্রতীককে ‘বড় শক্তি’ মনে করছেন অনেকে।
অন্যদিকে নির্বাচনে অনেকটাই ‘নির্ভার’ আওয়ামী লীগ। দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী চারজন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. হারুনুর রশিদ। আর বিএনপির মনোনয়ন পেয়েছেন তৌহিদুল আলম। অপর দুই মেয়র পদপ্রার্থী হলেন জাতীয় পার্টির সামশুল আলম ও দক্ষিণ জেলা যুবদলের একাংশের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহীম।
বিএনপির প্রার্থী তরুণ তৌহিদুল আলম দক্ষিণ জেলা যুবদলের একাংশের যুগ্ম সম্পাদক হলেও এলাকায় তাঁর পরিচিতি কম। তিনি নিজেও সেটা মানছেন।
গত মঙ্গলবার চৌধুরীপাড়া এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছিলেন তৌহিদুল আলম। এ সময় কথা হয় তাঁর সঙ্গে।
তৌহিদুল আলম বলেন, ‘এলাকায় আমার পরিচিতি কম বলেই আমি ঘরে ঘরে যাচ্ছি। যদি ভোট ডাকাতি না হয়, হয়রানি না করা হয়, তাহলে মানুষ নীরব ভোটবিপ্লব করবে। কারণ, আমার পরিচিতি কম থাকলেও ধানের শীষ প্রতীক বাংলাদেশের সবাই চেনে।’
মঙ্গলবার তৌহিদুল আলমের সঙ্গে গণসংযোগে দক্ষিণ জেলা বিএনপি, পটিয়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীও ছিলেন। তৌহিদুল আলমের দাবি, দলের জ্যেষ্ঠ নেতারাও তাঁর সঙ্গে আছেন।
মঙ্গলবার দুপুরে ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে দেখা যায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. হারুনুর রশিদকে। বিএনপির প্রার্থী সম্পর্কে তাঁর মূল্যায়ন হলো শিক্ষা, দীক্ষা, যোগ্যতা, পরিচিতি, উন্নয়ন—কোনো দিকে তিনি (তৌহিদ) তাঁর ধারেকাছে নেই। তাঁদের একমাত্র ভরসা ধানের শীষ। কিন্তু পটিয়ার শিক্ষিত মানুষ উন্নয়ন ও যোগ্যতা দেখেই এবার ভোট দেবেন।
জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাবেক মেয়র সামশুল আলম। মঙ্গলবার সকালে তিনি বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগের সময় তিনি অতীতের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
সামশুল আলম বলেন, ‘এরশাদ উন্নয়নের রূপকার। তাঁর আমলে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। আমি মনে করি, এলাকার মানুষ আমাকে আবার চান।’
দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবদলের নেতা মোহাম্মদ ইব্রাহীম। তিনি ৪ নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর। ইব্রাহীম বলেন, ‘আমার সঙ্গে এলাকার মানুষ আছেন। আমি দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছি।’
ইব্রাহীমকে বিএনপির বিদ্রোহী প্রার্থী মানতে নারাজ তৌহিদুল আলম। তিনি বলেন, ইব্রাহীম স্বতন্ত্র প্রার্থী।
এবার দলীয় প্রতীকে নির্বাচন বাড়তি মাত্রা দিয়েছে ভোটে। দলীয় প্রার্থী খুঁজতে এখন নাম লাগবে না বলেও কয়েকজন ভোটারের অভিমত।
পৌর এলাকার মুন্সেফ বাজারের দোকানি দিদারুল আলম বলেন, ‘বিএনপি প্রার্থীকে তেমন কেউ চেনেন না, এটা ঠিক। তার মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীও আছেন। কিন্তু দলীয় প্রতীক ধানের শীষকে সবাই চেনে। এটা বিএনপির প্রার্থীর দুর্বলতাকে ঢেকে দিয়েছে। অন্যদিকে বর্তমান মেয়র শিক্ষিত, অনেক কাজ করেছেন, এটাও সত্য। লড়াইটা শেষ পর্যন্ত নৌকা আর ধানের শীষের।’