'নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভা হয়।
আলামপুর কলেজিয়েট স্কুলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় এক প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, প্রতীকের ভয় আপনারা পাবেন না। নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসবেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের হাত আইনের হাত। আইন তার নিজ গতিতে চলবে। কেউ ব্যত্যয় ঘটালে তাঁর ওপর যথাযথভাবে আইন প্রয়োগ করা হবে। আমাদের বাধ্য করবেন না, যাতে অস্ত্র-গুলি ব্যবহার করতে হয়।’
বিশেষ অতিথি পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ‘আপনারা আমাদের ঘুমাতে না দিলে আমরাও আপনাদের ঘুমাতে দেব না। সদর ও কুমারখালীর ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।’
সভায় প্রার্থীরা বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ করেন। এসব প্রশ্ন ও অভিযোগের ব্যাপারে জবাব দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তবে নৌকা প্রতীকের কোনো প্রার্থীকে বক্তব্য দিতে দেখা যায়নি।