'নির্ভয়ে লেখা ও ছবি প্রকাশের সুযোগ দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কথা বলা ও লেখার স্বাধীনতা বন্ধ করা যাবে না। সংবাদপত্রে নির্ভয়ে লেখা ও ছবি প্রকাশের সুযোগ দিতে হবে। কোনো অদৃশ্য চাপে সংবাদ প্রকাশ বন্ধ করা হলে চোরা পথে আসা জঙ্গিবাদ-সন্ত্রাস আমাদের জীবন বিপন্ন করবে।’ গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সম্প্রতি তাঁকে দলের মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মতবিনিময় অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহমেদ বলেন, দেশে সুশাসনের অভাব আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা আছে। সমাজে বিচারহীনতার সংস্কৃতি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যায়। তিনি বলেন, জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় সরকার পরিবর্তনের অগণতান্ত্রিক প্রথা বন্ধ করতে হবে। আর উন্নয়ন প্রক্রিয়া কী হবে, তা-ও ঠিক করতে হবে। এর জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় কনভেনশনের (সম্মেলন) আয়োজন করতে হবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নির্ধারণে সব নিবন্ধিত দলকে নিয়ে জাতীয় কনভেনশন আহ্বান করা দরকার।
ঢাকায় চা-বিক্রেতা হত্যার দ্রুত বিচার দাবি করে জাতীয় পার্টির এই সাংসদ বলেন, ‘ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি ছাড়া গণতন্ত্র অর্থহীন। এখনো জানি না তিন বছর পর কী পরিস্থিতির উদ্ভব হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—যে দলই ক্ষমতায় আসুক, পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করা উচিত।’
জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এত বছরেও উদ্ভাবন করতে পারিনি। এই উদ্যোগ সরকারকেই নিতে হবে। আসলে দেশে বর্তমান রাজনীতিতে দুটি ধারা বিরাজমান। একটি ধারা সংবিধানকে সমুন্নত রেখে সামনে এগিয়ে যাওয়া, অন্যটি জ্বালাও-পোড়াওয়ের নামে পেট্রলবোমা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ধারা।’
জিয়াউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক ধারা ও সংবিধান সমুন্নত রাখতে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে নির্বাচনে যাওয়ার বিকল্প নেই। বিরোধী দল হিসেবে রাজপথে জাতীয় পার্টি আছে এবং থাকবে। সমালোচনাতে সরকারেরই উপকার হয়। হিটলার-মুসোলিনির সমালোচনা হতো না, তাই তাঁরা জানতেন না তাঁদের সময়ে তাঁদের দেশে কী হচ্ছিল।
মতবিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর, সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা প্রমুখ।