‘বিনা অপরাধে নির্যাতন করে মনিরকে হত্যা করা হয়েছে। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, এ জন্য আমার ছেলে হত্যার বিচার দাবি করছি। আমি আর কিছুই চাই না। ছেলে হত্যার বিচার চাই।’গতকাল শুক্রবার মনোয়ার হোসেন মনির ‘হত্যাকাণ্ডে’র বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে মনিরের মা আনোয়ারা বেগম এ আকুতি জানান। শহরতলির শাহপরান আবাসিক এলাকায় মনিরের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা সাংস্কৃতিক সংস্থা’ ওই কর্মসূচি পালন করে। এতে এলাকাবাসী অংশ নেয়।গত ১৪ সেপ্টেম্বর সিলেটের সোবহানীঘাট এলাকা থেকে মনিরকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ‘ভুয়া র্যাব’ অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করে। ১৯ সেপ্টেম্বর মুমূর্ষু অবস্থায় মনিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ সেপ্টেম্বর ভোরে তিনি মারা যান। এর পর থেকেই মনিরের পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে মনিরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে আসছে। মনিরের বাবা আবদুস সাত্তার বলেন, ‘আমরা গরিব মানুষ। গরিব মানুষের বিপদে গরিবেরাই পাশে থাকে। আমাদের পাশে কোনো প্রভাবশালী কেউ নেই, রাজনৈতিক দলের নেতারাও নীরব। তবু আমরা মনির হত্যার বিচার চাই।’