
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. রিয়াজউদ্দিন মণ্ডল৷ জবানবন্দিতে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে সুবহান নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করেছেন৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রিয়াজউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি সুলতান মাহমুদ৷ পাবনার ঈশ্বরদী উপজেলার অরণখোলার বাসিন্দা রিয়াজ উদ্দিন (৬৩) জবানবন্দিতে বলেন, একাত্তরে তিনি আনসার বাহিনীতে চাকরি করতেন৷ বৈশাখ মাসের মাঝামাঝি একদিন সকাল আটটার দিকে সুবহান, খোদা বকস কয়েকজন বিহারি এবং পাকিস্তানি সেনাদের নিয়ে গ্রামের আলাউদ্দিন মিয়ার বাড়িতে যান৷ আলাউদ্দিন মিয়াকে না পেয়ে তারা বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দেয়৷ পরে সুবহানসহ পাকিস্তানি সেনারা পশ্চিমপাড়ায় যায়৷ তাঁদের (সাক্ষীর) বাড়িতে গিয়েও সুবহান ও পাকিস্তানি সেনারা তাঁকে ও তাঁর ভাই জয়েন উদ্দিনকে খোঁজে৷ সুবহানকে আসতে দেখে তিনি বাড়ির পাশের জঙ্গলে লুকান৷ তাঁদের না পেয়ে বাড়ি লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধকালে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে একদিন সুবহান, খোদা বকস ও রাজাকাররা অরণখোলা গরুরহাটে গিয়ে আলাউদ্দিন মিয়া ও জয়েন উদ্দিনকে ধরে ফেলে৷ তাঁদের মারতে মারতে ঈশ্বরদীতে ডাকবাংলোতে নেওয়া হয়৷ দুই দিন পর আলাউদ্দিনের ভাই জালাল উদ্দিন মিয়া, তাঁর স্ত্রী ও ছেলে, তিনি (সাক্ষী) ও জয়েন উদ্দিনের স্ত্রী খোদা বকসের কাছে গিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান৷ েখাদা বকস বলেন, তাঁর একার কিছু করার নেই, তিনি সুবহানের কাছে যাওয়ার পরামর্শ দেন৷ এরপর জালাল উদ্দিন পাবনায় গিয়ে সুবহানের সঙ্গে দেখা করেন৷ সুবহান তাঁদের কথা শুনে বলেন, ‘তোমরা বাড়িতে যাও, আমি খোদা বকসকে এবং ডাকবাংলোয় আর্মিদের টেলিফোনে বলে দিচ্ছি যেন তারা আলাউদ্দিন ও জয়েনউদ্দিনকে ছেড়ে দেয়।’ যাঁরা সুবহানের কাছে গিয়েছিলেন, তাঁদের কাছে তিনি এসব কথা শুনেছেন৷
এই সাক্ষী আরও বলেন, এরপর ডাকবাংলোর সেনাক্যাম্প থেকে আলাউদ্দিন ও জয়েনউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়৷ বাড়িতে ফেরার পর তাঁদের কাছে শোনেন, আটক অবস্থায় সুবহান, খোদা বকস, রাজাকার, বিহারি ও পাকিস্তানি সেনারা তাঁদের নির্যাতন করেছে৷ আলাউদ্দিন ও জয়েনউদ্দিনকে চিকিৎসা করানো হলেও তঁারা আর কর্মক্ষম হয়ে ওঠেননি৷
জবানবন্দি শেষে রিয়াজউদ্দিনকে আসামিপক্ষের জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল৷