'নির্যাতনকেন্দ্র গড়ে তোলেন মীর কাসেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম জবানবন্দিতে বলেছেন, মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম শহরের নানা স্থানে মীর কাসেম তাঁর সহযোগীদের নিয়ে আলবদর বাহিনীর নির্যাতনকেন্দ্র গড়ে তোলেন। তিনি তদন্তে পেয়েছেন, ওই নির্যাতনকেন্দ্রগুলোতে অনেক মানুষকে আটকে রেখে নির্যাতন ও হত্যা করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের ২৪তম ও শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নুরুল ইসলাম। আসামির কাঠগড়ায় মীর কাসেমের উপস্থিতিতে জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ।
জবানবন্দিতে নুরুল ইসলাম (৫১) বলেন, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণে তিনি নিশ্চিত হন, একাত্তরে মীর কাসেম নানা ধরনের আন্তর্জাতিক অপরাধ যথাক্রমে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, লাশ গুম, অগ্নিসংযোগ প্রভৃতির সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় দেখা যায়, তিনি দখলদার পাকিস্তানি সেনা ও জামায়াতের অন্যান্য সহযোগী ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগসাজশে ছাত্র সংঘের বাছাই করা সদস্যদের নিয়ে সশস্ত্র আলবদর বাহিনী গঠন করেন এবং নিজে ওই বাহিনীর কমান্ডার হন। ওই আলবদর বাহিনী চট্টগ্রাম অঞ্চলে ব্যাপকহারে অপরাধ সংঘটন করে।
জবানবন্দি শেষে তদন্তকারী কর্মকর্তাকে আসামিপক্ষের জেরার জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।