‘নির্যাতন’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষ ও আলেমরা সরকারের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শনিবার পুরানা পল্টনে এক সমাবেশে দলটির নেতারা এ অভিযোগ করেন। তাঁরা এ জন্য সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এসব নির্যাতন বন্ধ করুন। না হলে পরিণতি ভালো হবে না।’ একই সঙ্গে তাঁরা কথিত ‘নাস্তিক ব্লগারদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান বলেন, যারা ইসলামের ওপর আঘাত করে কথাবার্তা বলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার দাড়ি-টুপিওয়ালা মানুষকে গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেন এবং অবিলম্বে এসব বন্ধ করার দাবি জানান।সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগরের সভাপতি এ টি এম হেমায়েত উদ্দীন বলেন, সরকার দুষ্টের দমন আর শিষ্টের পালন নীতি থেকে সরে এসেছে। মানুষের জান-মাল, ইজ্জত-আব্রু রক্ষার দায়িত্ব সরকারের। রক্ষক হয়ে সরকার ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, ‘দেশের এত এত মানবাধিকার সংস্থা। বিভিন্ন সময় তারা সরব হয়, মিডিয়া ফলাও করে তাদের কথা বলে। কিন্তু এখন এত লোক মারা গেলেও কারও কোনো সাড়াশব্দ নেই।’সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরানা পল্টন থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম, পল্টন মোড় ঘুরে আবারও পুরানা পল্টনে এসে শেষ হয়।এরপর ইসলামী আন্দোলনের ২৯ মার্চের পূর্বনির্ধারিত মহাসমাবেশ সামনে রেখে দলের মহানগর নেতাদের প্রস্তুতি সভা হয়।