'নিশা করা ভালা না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির গেটের সামনে ব্যস্ত এক শিশু। হাতে প্লাস্টিকের কয়েকটি ঢোল। মুখে হাসি। সেই হাসিতে যেন মুক্তো ঝরে। কারণ, ঝকঝকে দাঁতের কারণে এই হাসি দেখা যায় দূর থেকে। সামনে দিয়ে যে যাচ্ছে, তাকেই বলছে, ‘একটা ঢোল নেন।’ কাউকে আপু, কাউকে-বা ভাইয়া ডাকছে সে।
এই হাসিমুখ দেখেই কাছে যাওয়া। নাম নাজমুল। বয়স ১১। গতকাল মঙ্গলবার যখন তার সঙ্গে কথা হচ্ছিল, সে জানায়, সহজে কেউ খেলনা কিনতে চান না। এখানে আসতে আসতে আশপাশের কয়জন পরিচিত হয়ে গেছে। তাঁরাও খেলনা না কিনে হাসি বিনিময় করেই চলে যান। কিন্তু এই খেলনা ঢোল বিক্রি না হলে তো চলবে না।
নাজমুলের মা আর এক বোনও খেলনা বিক্রি করে। এক ভাই এক দোকানে কাজ করে। আর বাবা?
বাবার কথা জানতে চাইলে মুখের হাসি কিছুটা মলিন হলো নাজমুলের। বলল, ‘বাবা নিশা করে। মেলা দিন আগে চইলা গেছে।’
নাজমুল জানাল, চকবাজার থেকে ঢোলগুলো কিনে আনে। একেকটা ৬০ টাকা, ১০০ টাকায় বিক্রি করে। নাজমুল মা, ভাই ও বোনকে নিয়ে থাকে রামপুরায় এক বস্তিতে। বাড়ি কুমিল্লায়।
নাজমুলের মুখে আবার ভুবন-ভোলানো হাসি। জানাল, সে সপ্তাহে দুদিন ‘মজার স্কুল’-এ পড়তে যায়। এ স্কুল কমলাপুরে। আপু, ভাইয়ারা পড়ান। কোন ক্লাসে পড়ে—এ প্রশ্নের উত্তরে বলল, ‘এইখানে কোনো ক্লাসে পড়ি না, শুধু পড়ি আর লিখি।’

নেশা করা ভালো কি না, জানতে চাইলে বলে, ‘নিশা করা ভালা না। নিশা করলে বাচ্চারাও নষ্ট হইয়া যায়।’

নাজমুল জানাল, বাবা নেশার টাকা সংগ্রহে একসময় তাকে দিয়ে ভিক্ষাও করিয়েছে।

চারপাশে বিকেলের আলো কমে সন্ধ্যা নেমেছে। নাজমুলের মুখের হাসিটা একটু ম্লান হলো। তারপর আবার ব্যস্ত হয়ে গেল। হাতের প্লাস্টিকের লাঠি দিয়ে ঢোল বাজাতে বাজাতে চলে বিক্রির হাঁকডাক।