'নিহত জঙ্গি তৌহিদুল ডুয়েটের ছাত্র নয়'
গাজীপুরের হাঁড়িনাল এলাকায় গতকাল শনিবার জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুই ‘জঙ্গির’ একজন তৌহিদুল ইসলাম। র্যাবের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাঁকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র বলে উল্লেখ করা হয়। তবে আজ ডুয়েট কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তৌহিদুল তাদের ছাত্র নয়।
আজ রোববার ডুয়েট প্রশাসনের পক্ষ থেকে পরিচালক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহকারী পরিচালক মোছা. কামরুন নাহার গণমাধ্যমে ওই বিজ্ঞপ্তিটি পাঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে হাঁড়িনালের লেবুবাগানে গতকাল সকালে আতাউর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানে দুই জঙ্গি নিহত হয়। গতকাল ও আজ কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে নিহত ওই দুই জঙ্গির পরিচয় প্রকাশ করা হয়। এর মধ্যে একজন তৌহিদুল ইসলাম। তাঁকে সেখানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে উল্লেখ করা হয়। ওই বাড়িওয়ালার তত্ত্বাবধায়কের কাছে ভাড়াটেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে ডুয়েটের ছাত্র বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে তৌহিদুল ইসলাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে বর্তমান সব ছাত্রের নথি ঘেঁটে তৌহিদুল ইসলাম নামের সাতজন ছাত্র পাওয়া গেছে। তবে তাঁদের কারও বাড়িই নরসিংদী নয়। এমনকি পত্রিকায় প্রকাশিত ছবির সঙ্গেও তাঁদের কারও মিল খুঁজে পাওয়া যায়নি। উপরন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ওই সাতজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। তাঁরা সবাই ফোনে কথা বলেছেন এবং সবাই ভালো আছেন।
গতকাল গাজীপুরে জঙ্গিবিরোধী দুটি অভিযানে নয়জন এবং টাঙ্গাইলে একটি অভিযানে দুজন নিহত হন। এই ১১ জনের মধ্যে কেবল তিনজনের নাম জানাতে পেরেছে র্যাব-পুলিশ।
গতকাল র্যাব জানিয়েছিল, গাজীপুরে তাদের অভিযানে নিহত দুজনের নাম হলো মো. রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। এর মধ্যে তৌহিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র এবং রাশেদ এবার এসএসসি পাস করেছে। র্যাব বলছে, তারা এই নাম বাড়ির মালিকের কাছ থেকে পেয়েছে। এটা প্রকৃত নাম কি না, সে বিষয় তারা নিশ্চিত নয়।
আরও পড়ুন:
জঙ্গিবিরোধী অভিযানে নিহত ১২