'নিয়ত কইরাও হজে যাইতে পারলাম না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণার শিকার হজযাত্রীরা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ষ প্রথম আলো
প্রতারণার শিকার হজযাত্রীরা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ষ প্রথম আলো

মাথা নিচু করে ট্রলি ব্যাগটা টানতে টানতে আশকোনার হজ ক্যাম্প থেকে বের হচ্ছিলেন মো. কাবিল উদ্দীন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পের প্রধান ফটকে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সাংবাদিক পরিচয় জেনে তিনি বললেন, ‘নিয়ত কইরাও হজে যাইতে পারলাম না। চোরকে (প্রতারকদের) ধরায়া দিলাম, তা-ও তাগো কিছু হইল না।’
সাদা পোশাক পরা ষাটোর্ধ্ব এই ব্যক্তির গলায় ঝুলছিল পাসপোর্ট নম্বর ও হজ এজেন্সির নাম লেখা ব্যাগ। সাউথ এশিয়ান ওভারসিজ নেটওয়ার্ক নামের একটি এজেন্সির মাধ্যমে তাঁর হজে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই হজ এজেন্সির প্রতারণার শিকার হয়ে তিনি আর হজে যেতে পারেননি।
কাবিল উদ্দীনের মতো হজ করতে ইচ্ছুক ১৮২ জন প্রতারণার শিকার হয়ে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। তাঁরা সৌদি হজ এয়ার সার্ভিস, আল মুকাররম হজ গ্রুপ, সাউথ এশিয়ান ওভারসিজ নেটওয়ার্ক নামে তিনটি এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। তাঁরা হজে যাওয়া নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
প্রতারিত এসব ব্যক্তি ময়মনসিংহ এলাকার বাসিন্দা। তাঁরা জানান, হজের খরচ বাবদ প্রয়োজনীয় টাকা হজ এজেন্সির প্রতিনিধি মাওলানা মোকাররমকে দিয়েছেন। পাসপোর্ট ও ভিসা পেয়েছেন। কিন্তু বিমানের টিকিট পাননি।
ময়মনসিংহের গৌরীপুরের হামিদা আক্তার ও গোলাম ফারুক বলেন, বিমানের টিকিট চাইলে আজ না কাল করে করে এক সপ্তাহ পার করেছেন মোকাররম।
ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, মাওলানা মোকাররম তিনটি হজ এজেন্সির প্রতিনিধি। তিনি একেকজনের কাছ থেকে একেক অঙ্কের টাকা নিয়েছেন। কারও কাছ থেকে এক লাখ ৭০ হাজার, আবার কারও কাছ থেকে আড়াই লাখ, কারও কাছ থেকে এরও বেশি। হজে যাওয়া অনিশ্চিত হওয়ার পর প্রতারিত অনেকে গত মঙ্গলবার থানায় আসেন। পুলিশের পক্ষ থেকে ওই মাওলানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাইলে হজযাত্রীরা বলেন, তাঁরা হজে যেতে চান। মোকাররম জেলে গেলে তাঁরা তো আর যেতে পারবেন না।
ওসি জানান, এরপর মাওলানা মোকাররমসহ শতাধিক হজযাত্রী, একজন উপজেলা চেয়ারম্যান ও তিনজন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি সমঝোতা হয়। সিদ্ধান্ত হয় যে প্রত্যেক হজযাত্রী অতিরিক্ত ১৫ হাজার টাকা দেবেন আর মাওলানা মোকাররম প্রতিজনের জন্য আরও ১৫ হাজার করে টাকা দিয়ে তাঁদের হজে পাঠাবেন। সেই অনুযায়ী মাওলানা মোকাররমের সঙ্গে তাঁদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ঢাকায় আসার পর মাওলানা মোকাররম গা ঢাকা দেন।