‘নিয়মিতভাবে অনিয়মিত’ ১১ বিশেষজ্ঞ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন রোগী থাকেন ৩৭৫ জন। কলেজের ৪৪ জন চিকিৎসকের মধ্যে সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদমর্যাদার কমপক্ষে ১১ জন নিয়মিত হাসপাতালে আসেন না। এতে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে চিকিৎসকদের ৬৪টি পদ থাকলেও কর্মরত আছেন ৪৭ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন চিকিৎসক কালেভদ্রে হাসপাতালে আসেন। এঁরা হলেন, শিশু বিভাগের অধ্যাপক লুৎফুল কবির, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক শহীদুল ইসলাম, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শাহ হাবিবুর রহমান, একই বিভাগের সহকারী অধ্যাপক ফারুখ আহমেদ, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ফাহিমা নাহিদ, রেডিও থেরাপির সহযোগী অধ্যাপক একেএম হামিদুর রহমান, গাইনি বিভাগের সহকারী অধ্যাপক মুন্নুজান বেগম, রক্তসঞ্চালন বিভাগের সহকারী অধ্যাপক ফজল মোস্তাকিন আমীর মোহাম্মদ মুসা চৌধুরী, অর্থোপেডিক সার্জারির সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সার্জারির সহযোগী অধ্যাপক সর্দার মো. মোস্তানজিদ, চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক আবদাল মিয়া।সূত্র জানায়, লুৎফুল কবিরকে দাপ্তরিক কাজে প্রায়ই ঢাকায় থাকতে হয়। সহযোগী অধ্যাপক ফারুখ আহমেদ কদাচিৎ কর্মস্থলে আসার অভিযোগ অস্বীকার করে গত শনিবার দুপুর দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আজও আমি ফরিদপুর মেডিকেলে। প্রতি শুক্রবার নারায়ণগঞ্জে প্রাইভেট প্র্যাকটিস করি।’ তবে নারায়ণগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, ফারুখ আহমেদ শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই শহরের গুলশান সিনেমা হল মার্কেটের দ্বিতীয় তলায় তাঁর ব্যক্তিগত চেম্বারে বিকেল পাঁচটা থেকে রোগী দেখেন। অভিযোগ প্রসঙ্গে অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘আমি নিয়মিত হাসপাতালে যাই। আমার কর্তব্য ঠিকমতো পালন করি।’অর্থোপেডিক সার্জারির সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম গত শনিবার মুঠোফোনে বলেন, ‘আমার এক আত্মীয় মারা যাওয়ায় মানসিক বিপর্যয়ের মধ্যে আছি। তাই কোনো মন্তব্য করতে পারছি না।’ রক্তসঞ্চালন বিভাগের সহকারী অধ্যাপক ফজল মোস্তাকিন আমীর মোহাম্মদ মুসা চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ সত্য নয়। আমার সন্তান অসুস্থ বলে এক মাসের ছুটি নিয়েছি।’ চক্ষু বিভাগের ফাহিমা নাহিদ বলেন, ‘আমি অসুস্থ। বর্তমানে “সিক লিভে” আছি।’ মেডিসিনের সহযোগী অধ্যাপক শাহ হাবিবুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) গুরুদাস সিকদার জানান, বর্তমানে কলেজে বার্ষিক পরীক্ষা বলে অনিয়মিত চিকিৎসকদেরও দেখা যাচ্ছে। পরীক্ষা শেষ হলেই তাঁরা আগের অবস্থায় ফিরে যাবেন। তিনি গত ৬ মার্চ এই হাসপাতালের তত্ত্বাবধায়ক হয়ে এসেছেন উল্লেখ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে এসব চিকিৎসকের অনুপস্থিতির কথা কলেজের অধ্যক্ষকে জানিয়েছি।’ অধ্যক্ষ আসম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘আমাদের কলেজের “নিয়মিতভাবে অনিয়মিত” সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদমর্যাদার ১১ জন চিকিৎসকের ব্যাপারে গত ১০ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অনিয়মিতদের নিয়মিত করার জন্য প্রশাসনিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’