‘নিয়োগ-বাণিজ্যের’ তদন্তে নেমেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহামঞ্চদ আলী হাসপাতালে ৩৫ জন কর্মচারী ‘নিয়োগ-বাণিজ্যের’ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের রাজশাহী বিভাগের পরিচালক আবুল বায়েছ মিয়া গত সোমবার প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্নীতির সত্যতা মিলেছে। এ ব্যাপারে কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করলেও বিচ্ছিন্নভাবে অভিযোগ পেয়ে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে দুদক। ইতিমধ্যে নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের ব্যাপারে বেশ কিছু তথ্য-প্রমাণও সংগ্রহ করা হয়েছে। বিভাগীয় পরিচালক আরও জানান, প্রথম দফায় তৈরি করা নিয়োগ পরীক্ষার ফলাফল তালিকার ফর্দের সঙ্গে নিয়োগ দেওয়া প্রার্থীদের তালিকার কোনো মিল নেই। দুদকের প্রাথমিক তদন্তে অন্তত নয়জন প্রার্থীর ফলাফল পরিবর্তনের প্রমাণ মিলেছে। বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রথম থেকে ওই নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। তাই প্রথম দফায় কোনো ফলাফল ফর্দ তৈরি করা হয়েছিল কি না, তা বলতে পারব না। আমি দায়িত্ব বুঝে নেওয়ার পর যে ফলাফল ফর্দ পেয়েছি, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তার ভিত্তিতেই নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।’