‘নিয়োগ-বাণিজ্যে’র কথা রেলমন্ত্রীকে জানানো হলেও বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের ‘নিয়োগ-বাণিজ্য’ সম্পর্কে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে আগেই অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম চলেছে। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। সংগ্রাম পরিষদের নেতাদের দাবি, নিয়োগ-বাণিজ্যে খোদ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত বলে আগে থেকেই গুঞ্জন ছিল। এ গুঞ্জনের বিষয় জানিয়ে তাঁরা ঢাকায় মন্ত্রীর কাছে একটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছিলেন। এমনকি এ নিয়ে তাঁরা মন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকায় বিজিবির সদর দপ্তরে মন্ত্রীর এপিএসের গাড়ি থেকে আরও বেশি টাকা উদ্ধার করা হয়ে থাকতে পারে এবং বিজিবি সেই টাকা সরিয়ে নিতে পারে। এ সন্দেহ থেকে সংগ্রাম পরিষদ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়কারী এস কে বারী খোকন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের নেতা মোখলেছুর রহমান, আবদুস সবুর, মোহাম্মদ আলী, রফিক চৌধুরী, আনোয়ারুল হক প্রমুখ। সংবাদ সম্মেলনে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাসহ মহলবিশেষের বিরুদ্ধে আনা অভিযোগ উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে তদন্তের দাবি করা হয়। সাত হাজার ৪১৪ জন লোক নিয়োগের সময়সীমা ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। কিন্তু ‘রমরমা বাণিজ্যের’ উদ্দেশ্যে জি এম মৃধা নিয়োগ-প্রক্রিয়া প্রলম্বিত করেন। সম্মেলনে বলা হয়, পৃথক রেল মন্ত্রণালয় গঠনের পর নিয়োগ-বাণিজ্যের সঙ্গে রেলমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পৃক্ততার বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল। তাই বিষয়টি সম্পর্কে সংগ্রাম পরিষদ গত ৯ ফেব্রুয়ারি রেলের মহাপরিচালকের কাছে ফ্যাক্সবার্তা পাঠায়। এরপর ১২ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের কাছে অনুরূপ একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়। মন্ত্রীর কাছে পাঠানো বার্তায় বলা হয়, ‘রেলওয়ের জিএমের তত্ত্বাবধানে নিয়োগ প্রায় চূড়ান্ত। অতীব দুঃখের বিষয়, এই নিয়োগে আপনার (মন্ত্রী সুরঞ্জিত) সম্পৃক্ততার বিষয়ে রেলের সর্বত্র যে অশোভন প্রচারণা চালানো হচ্ছে, তা আপনার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ ও দক্ষ পার্লামেন্টারিয়ানের ক্ষেত্রে আদৌ প্রযোজ্য হবে তা বিশ্বাস করি না এবং মানতে পারি না।’মন্ত্রীর কাছে পাঠানো বার্তায় আরও বলা হয়, ‘নতুন নিয়োগে বেশ কিছু সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো কোথাও প্রকাশ না করে মহাপরিচালকের কাছে তুলে ধরতে তাঁকে (মহাপরিচালক) ৯ ফেব্রুয়ারি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।’ সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্যাক্সবার্তা পাঠানোর পর ঢাকায় রেল ভবনে সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মন্ত্রী গত ২৮ মার্চ বৈঠক করেন। ওই বৈঠকে নিয়োগ-সম্পর্কিত নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন সংগ্রাম পরিষদের নেতারা। গতকাল সংগ্রাম পরিষদের পক্ষ থেকে চলমান নিয়োগ-প্রক্রিয়া বন্ধ না রাখতে সরকারের কাছে আবেদন জানানো হয়। তাঁরা ১০ দিনের মধ্যে নিয়োগ-প্রক্রিয়া শেষ করার দাবি জানান।