বিভিন্ন সময় রেলের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলেই মামলা হয়। এ কারণেই বাংলাদেশ রেলওয়ের জনবল-সংকট মিটছে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. মজিবুল হক। গত শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে তিনি এসব কথা বলেন। গত বুধবার চট্টগ্রাম সফরে এসেছেন রেলমন্ত্রী। তিন দিনের সফর শেষে শুক্রবার রাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী মজিবুল হক বলেন, ‘প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। পরীক্ষাও নেওয়া হয়েছে। কিন্তু কেউ কেউ মামলা করে দেন। তখন আদালত আদেশ দিলে আমাদের কিছু করার থাকে না।’ নিয়োগ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে সরাসরি তাঁর ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার আহ্বান জানান রেলমন্ত্রী। তিনি জানান, লোকবল সংকটের কারণে ১৫৩টি স্টেশন বন্ধ। লোকবলের কারণে এত বড় প্রতিষ্ঠানে অনেক শূন্যতা।সংবাদ সম্মেলনে রেলওয়ের বিভিন্ন চলমান প্রকল্পের চিত্র তুলে ধরে রেলমন্ত্রী আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের ২৪ হাজার একর জমির মধ্যে এক হাজর ২০০ একর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দখলে আছে। এর তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবুল আলম, প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা এহছানে এলাহীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।