‘নীতিভ্রষ্ট’ শিক্ষকের সঙ্গে আছেন তিন প্রকৌশলী!
কুষ্টিয়ায় স্কুলছাত্রীদের ওপর যৌন নিপীড়নকারী ‘নীতিভ্রষ্ট’ সেই শিক্ষকের সঙ্গে তিন প্রকৌশলীও জড়িত বলে অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি আইন ৮ (১) (৬) ও (৮) ধারায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে গত রোববার মামলাটি করেন।অভিযুক্ত তিন প্রকৌশলীর দুজনকে সাময়িক বরখাস্ত ও একজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে জানা গেছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক হেলাল উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ওরফে সজল, মেহেরপুর সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) হাসানুজ্জামান। তাঁদের প্রত্যেকের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে।নাম প্রকাশ না করার শর্তে হরিপুর গ্রামের প্রকৌশলীপাড়ার এক বাসিন্দা বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের এলাকার মানুষ শিক্ষিত মানুষ হিসেবে সমঞ্চান করত। তাদের আসল চরিত্র দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে।’এজাহার সূত্রে জানা যায়, হেলাল উদ্দীন কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় ছাত্রীদের পড়ানোর নামে তাদের সঙ্গে কৌশলে ছবি তুলে সম্পর্ক গড়ে তুলতেন। পরে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করতেন। সেসব ভিডিও দেখিয়ে তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্ন মানুষের সম্পর্ক গড়ে দিতে সহায়তা করতেন। এসব মানুষের মধ্যে হেলাল উদ্দীনের প্রকৌশলী তিন বন্ধুও ছিলেন। পরে ওই সব ভিডিও দেখিয়ে প্রকৌশলীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা নিতেন হেলাল। এসব ভিডিওচিত্র সর্বত্র ছড়িয়ে পড়ায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ শহরের সাধারণ মানুষ তাঁদের শাস্তির দাবিতে একাধিকবার মানববন্ধন করেছেন। এ নিয়ে গত ২০ জুন প্রথম আলোয় ‘আদর্শ বিদ্যালয়ের নীতিভ্রষ্ট শিক্ষক’ শিরোনামে একটি এবং পরে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।এদিকে ঘটনা জানাজানির পর থেকে হেলাল উদ্দীন ও তিন প্রকৌশলী গা ঢাকা দিয়েছেন। হেলালকে স্কুল থেকে বরখাস্ত করা হলে তিনি পদত্যাগপত্র দেন। ২৭ জুন তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম জানান, রোববার হাসানুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই দিন শরিফুল ইসলামকে শাস্তিমূলক রাঙামাটিতে বদলি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী আলিমুজ্জামানকেও সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি ভুল করেছেন। তবে ভিডিও ধারণের বিষয়টি তিনি জানতেন না। এটা হেলালের কারসাজি ছিল। হাসানুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দীন বলেন, থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এই জঘন্য কাজে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।