তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ‘নীরবতার জন্য’ ইউরোপের তীব্র সমালোচনা করেছেন। গতকাল রোববার ইস্তাম্বুলে দেওয়া এক ভাষণে তিনি ইউরোপের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন।
এরদোয়ান ভাষণে বলেন, ‘আপনারা যদি রাজনৈতিক মৃত্যুদণ্ড কার্যকরের বিরোধী হয়ে থাকেন, তাহলে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে নীরব থাকলেন কেন, যিনি কয়েক দিন আগে শহীদ হয়েছেন?’ এরদোয়ান বলেন, ‘আপনারা কি ইউরোপের তরফ থেকে কোনো কথা শুনেছেন? না...এটা কি দ্বিমুখী নীতি নয়?’
মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর মৃত্যুদণ্ড গত মঙ্গলবার কার্যকর করা হয়। প্রতিবাদে এর দুই দিন পরই তুরস্ক আলোচনার জন্য তাদের ঢাকাস্থ দূতকে আঙ্কারায় ডেকে পাঠায়।
তুরস্কের ইসলামপন্থী দল একেপি ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে মুসলিম বিশ্বে প্রভাব বাড়াতে সচেষ্ট থেকেছে। তারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে।