‘নুনপানিতে জাগাজমি সব শ্যাষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিন-চাইর বছর ধইর‌্যা একমুঠ ধানও ঘরে তুলতে পারি না, জোয়ারের নুনপানিতে জাগাজমি শ্যাষ। ধান লাগাই, নোনাপানিতে সব পইচ্চা যায়। এই রহম আউশ যায়, আমন যায়, রবি ফসল যায়। এহন বউ-পোলাপান লইয়্যা যে বাঁচমু, হেই অবস্থাও নাই। এহন ফসল বোনার জাগায় মাছ-পোনা ধরি, হেইয়্যা বেইচ্চা যা আয় অয়, তাই দিয়া সোংসার চালাই।’ বলছিলেন বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রা গ্রামের কৃষক আবদুস সোবহান (৪৮)। গত রোববার ওই এলাকায় গিয়ে দেখা যায়, চারদিকে পানি আর পানি। ঘরদোর, ফসলের মাঠ ডুবে আছে জোয়ারের পানিতে। জোয়ারের পানি উঠে ভাটায় নামতে না পারায় অনেক গ্রামে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। জমে থাকা নোনাপানিতে ঘাস ও অন্যান্য উদ্ভিদ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়িঘরও পানিতে ডুবে থাকায় মানুষের কষ্টের শেষ নেই। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া, পচাকোড়ালিয়া, বড়বগী ও আরপাঙ্গাশিয়া এই চারটি ইউনিয়নের কয়েক হাজার মানুষের জীবিকা বলতে এখন আর কিছু নেই। এক সময় জমিতে ধান ও অন্যান্য ফসল আবাদ করেই তাঁরা জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর উপকূলীয় এলাকার ভেঙে যাওয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামত ও নির্মাণ না হওয়ায় এবং স্থানীয় বগী খালে বাঁধ না থাকায় এসব এলাকা জোয়ারের পানিতে নিমজ্জিত হচ্ছে। এতে আউশ, আমন ও রবি কোনো ফসল ফলাতে পারছেন না কৃষকেরা। কৃষকেরা বলেছেন, ঘূর্ণিঝড় আইলার পর এলাকার মাটি ও পানিতে লবণাক্ততার পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। ফলে কয়েক বছর ধরে কৃষিতে মার খাওয়ায় চারটি ইউনিয়নের প্রায় ৪০ হাজার কৃষক নিঃস্ব হয়ে গেছেন। মাইলের পর মাইল জমি পড়ে আছে, কোনো ফসল বুনতে পারছেন না কৃষকেরা। জমি বিক্রি করতে চাইলেও ক্রেতা পাওয়া যায় না। কড়ইবাড়িয়ার উত্তর ঝাড়াখালী গ্রামের কৃষক শাহ আলম খান বলেন, ‘আমার ১০ কানি জমি আছে। আগে যে ধান পাইতাম তা দিয়া বছরের খোরাকি রাখার পরও এক-দেড় লাখ টাকার ধান বেচতাম। এহন সেই জমিতে ধান ফলান তো দূরের কথা চাষ করার মতো অবস্থাও নাই। জমি বেইচ্চা অন্য কোথাও যামু, তাও কেউ কেনতে চায় না’। আলীর বন্দর গ্রামের কৃষক জলিল শরিফ বলেন, ‘আমার ২০-২৫ কানি জমি। এক কানিও চাষ করতে পারি না। সব জমি লবণে শ্যাষ কইর‌্যা দেছে। জমি বেচমু তারও গাহেক (ক্রেতা) পাই না। এহন মোগো মরণের দশা।’ এসব এলাকার লোকজন জানান, অহরহ গ্রামগুলোতে জোয়ারের লবণপানি ঢুকে পড়ায় গাছগাছালি, ঘাস মরে গিয়ে চারদিকে বিষাক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। লবণপানির বিষাক্ত পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে গরু, মহিষ, ছাগল ও অন্যান্য গবাদিপশু মারা গেছে। অবশিষ্ট যেগুলো আছে সেগুলো দূরে আত্মীয়স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, কড়ইবাড়িয়া ইউনিয়নের তিন হাজার ২০০ একর ফসলি জমির মধ্যে দুই হাজার ৫০০ একর, পচাকোড়ালিয়া ইউনিয়নের দুই হাজার ৫০০ একরের মধ্যে এক হাজার ১০০ একর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ২০০ একর জমি জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদনে অযোগ্য হয়ে পড়েছে। তিনি বলেন, এ অবস্থা দ্রুত নিরসন করা না গেলে এসব এলাকায় অচিরেই চরম মানবিক বিপর্যয় নেমে আসবে।পানি উন্নয়ন বোর্ডের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহমেদ বলেন, সেখানে একটি খালে বাঁধ না থাকায় এমনটা হচ্ছে। ওই খালে বাঁধ দেওয়ার জন্য বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু বর্ষা শুরু হয়ে যাওয়ায় এ মৌসুমেই কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।