'নুনা পানিত ডুবি শেষ আমন চারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জুলাই মাসের মাঝামাঝিতে আড়াই একর জমিতে আমন চারা রোপণ করি। বৃষ্টিপাত ভালো হওয়ায় চারাগুলো দ্রুত বড় হচ্ছিল। আশা করেছিলাম, ভালো ফলন হলে আগের বছরের বকেয়া টাকা পরিশোধ করব। কিন্তু নুনা পানিত ডুবি আমন চারা শেষ।’
গতকাল শুক্রবার সকালে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং গ্রামের চাষি এয়ার মোহাম্মদ (৫৫) এসব কথা তুলে ধরেন।
গত ১২ জুলাই থেকে সামুদ্রিক জ্বলোচ্ছ্বাসে এই ইউনিয়নের প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হলে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়। সাগরের লোনা পানিতে ডুবে থাকে দুই হাজার হেক্টরের আমন চারা। ফলে কয়েক হাজার চাষির পথে বসার উপক্রম দেখা দিয়েছে।
উত্তর ধুরুং গ্রামের চাষি জাকের হোসেন, ছাবের আহমদ ও জাফর আলম জানান, গত মৌসুমে মাঠে উৎপাদিত লবণের নায্যমূল্য না পাওয়ায় তাঁরা প্রচুর ক্ষতির সম্মুখীন হন। তাই অতিরিক্ত সুদে টাকা নিয়ে তাঁরা ছয় একর জমিতে আমন চাষে নামেন। কিন্তু লবণ পানিতে ডুবে চারা নষ্ট হওয়ায় তাঁরা বিপদে পড়েছেন। এখন হালের বলদ, পাওয়ারটিলারসহ কৃষি সরঞ্জামাদী বিক্রি করে দাদনের টাকা পরিশোধ করতে হচ্ছে।
দক্ষিণ ধুরুং গ্রামের চাষি নুরুল হুদা ও লেমশীখালীর শামশুল আলম জানান, লবণ পানিতে ডুবে চারা নষ্ট হলেও জোয়ারের প্লাবন বন্ধ হচ্ছে না। তাই নতুন করে চাষাবাদও করা যাচ্ছে না। ভাঙা বেড়িবাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত পাঁচ হাজার একরের বেশি জমিতে চাষাবাদ বন্ধ থাকবে। এতে ১০ হাজারের বেশি কৃষককে অভাব-অনটনের মধ্যে দিন কাটাতে হবে।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ বলেন, গত দুই মাসে এই ইউনিয়নের অন্তত ৮০০ পরিবারের প্রায় চার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। বেড়িবাঁধ নির্মাণ না করা হলে এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই হবে না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় দ্বীপের চতুর্দিকে প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ কিলোমিটার ভাঙা। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ছয়টি উপজেলার ৪৫টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। লোনা পানিতে ডুবে রয়েছে ছয় হাজার একরের বেশি ফসলি জমি। এ নিয়ে চাষি পরিবারগুলো মহাবিপদে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আলী জানান, এবার দ্বীপে সাত হাজার হেক্টরে আউশ ও আমন ধানের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু লোনা পানিতে ডুবে তিন হাজার ৩৪৫ হেক্টর জমির চারা নষ্ট হয়ে গেছে। এর মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নে রয়েছে এক হাজার ৭৪৫ হেক্টর এবং অন্যান্য পাঁচ ইউনিয়নে এক হাজার ৬০০ হেক্টর।
কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি শাহরিয়ার চৌধুরী বলেন, সম্প্রতি দ্বীপের মানুষ মানববন্ধন কর্মসূচি দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত ভাঙা বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। কিন্তু ভাঙা বাঁধ নির্মাণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
পাউবো কুতুবদিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, এখন সাগর প্রচণ্ড উত্তাল। তাই বেড়িবাঁধ নির্মাণ সম্ভব নয়। নভেম্বর-ডিসেম্বরের দিকে সাগর শান্ত হলে ভাঙা বাঁধ সংস্কার করা হবে।