'নূর হোসেনের সঠিক তথ্য পুলিশের কাছে নেই'

নজরুল ইসলাম, চন্দন কুমার সরকারসহ সাতজনকে খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অবস্থানের সঠিক কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যা মামলার তদন্ত সময়মতো দৃশ্যমান হবে। তদন্তের প্রয়োজনে এর আকার বড় হতে পারে।
নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগ দেওয়ার পর আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এক মতবিনিময় সভায় করেন খন্দকার মহিদ উদ্দিন। সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি নারায়ণগঞ্জবাসীর পুলিশ সুপার হতে চান, কোনো গোষ্ঠীর পুলিশ সুপার হতে চান না।
সাংসদ শামীম ওসমানের সঙ্গে সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনের কথোপকথনের অডিও বার্তায় তাঁকে ভারতে পালিয়ে যেতে সহায়তা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য না করে পুলিশ সুপার বলেন, খণ্ডিত কোনো ঘটনা সম্পর্কে আলাদা মন্তব্য করা সম্ভব নয়। ছোট ছোট টুকরো কাগজ মিলিয়ে যেমন একটি অবয়ব তৈরি করা হয়, তেমনি তদন্তও একটি পূর্ণাঙ্গ বিষয়। তদন্তের প্রয়োজনে এর ব্যাপ্তি বা আকার বাড়তে পারে। সময়মতো সব জানতে পারবেন।
ঘটনার ২৫ দিন পর ইন্টারপোলের সহায়তা চেয়ে চিঠি দেওয়ার অর্থ কি নূর হোসেন বিদেশে পালিয়ে গেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার মহিদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত নূর হোসেনের অবস্থান সম্পর্কে পুলিশের কোনো ধারণা ছিল না। কিন্তু সময় অনেক গড়িয়ে যাওয়ায় সতর্কতার অংশ হিসেবেই ইন্টারপোলের রেড ওয়ারেন্ট জারি করতে চিঠি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই আমরা দেখি পাশের দেশে অবৈধভাবে গিয়ে আবার অবৈধভাবে ফিরে আসা হয়।’ এ সময় সাংবাদিকেরা জানতে চান, নূর হোসেন কি দেশে না বিদেশে আছেন। এর জবাবে সাত খুনের পর জেলা পুলিশ সুপারের দায়িত্ব নেওয়া খন্দকার মহিদ উদ্দিন বলেন, আসলে নূর হোসেনের অবস্থানের সঠিক কোনো তথ্য পুলিশের কাছে নেই।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, আইনজীবী মাহাবুবুর রহমান মাসুম প্রমুখ।