'নূরজাহানের জন্মদিন উদযাপনের দায় কি শুধুই পরিবারের?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৯০তম জন্মদিন ফুলেল শুভেচ্ছায় পালিত হয়। ছবি: হাসান রাজা
‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৯০তম জন্মদিন ফুলেল শুভেচ্ছায় পালিত হয়। ছবি: হাসান রাজা

‘আমার স্নেহের বোনেরা, যাঁরা আমার জন্মদিনে এসেছেন সবাইকে আমার অন্তর থেকে দোয়া জানাচ্ছি। বোনেরা আমার, আমি আমার অন্তিম বয়সে সবাইকে নিয়ে আনন্দমেলা করব বলে ভেবেছিলাম। তা হওয়ার নয়। বেগম-এর বিশেষ সংখ্যা বের করতে অনেক সময় দিতে হয়। তার মধ্যে আরেকটি বিশেষ উৎসব করা সম্ভব নয়। বড় জামাতা, দুই কন্যা মিলে ছোট আয়োজন করেছে। আপনারা কষ্ট করে যাঁরা এসেছেন তাঁদের অনেক ধন্যবাদ।’ 
৯০ তম জন্মদিনে কথাগুলো বলছিলেন নারী সাংবাদিকতার পথিকৃৎ; ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। বয়সের ভার জেঁকে ধরলেও কন্ঠ ছিল যথেষ্ট বলিষ্ঠ। 
নূরজাহান বেগম বলছিলেন, ‘আর কত দিন আছি জানি না। কখন কি হয় কেউ বলতে পারে না। তবে আমরা যে সংগ্রাম আরম্ভ করেছিলাম তার অনেকটাই সার্থক। এখন স্বাধীন দেশে নারীরা আরও এগিয়ে যাবেন। তবে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা না রাখলে দেশ এগোবে না।’ 

‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৯০তম জন্মদিন ফুলেল শুভেচ্ছায় পালিত হয়। ছবি: হাসান রাজা
‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৯০তম জন্মদিন ফুলেল শুভেচ্ছায় পালিত হয়। ছবি: হাসান রাজা

আজ বৃহস্পতিবার পারিবারিকভাবে আয়োজিত হয় নূরজাহান বেগমের ৯০ তম জন্মদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একাধিক বক্তা জানালেন, নূরজাহান বেগম নিজে ফোন করে তাঁর জন্মদিনে আসার জন্য নিমন্ত্রণ করেছেন। 
গণমাধ্যমের কয়েকজন রিপোর্টার এবং ফটোগ্রাফার বাদ দিলে অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি ছিল কম। অতিথিদের বেশির ভাগই ফুল বা অন্য কোনো উপহার দিয়ে বা শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান থেকে চলে যান। 
নূরজাহান বেগম যখন বক্তব্য দেন তখন তাঁর পরিবারের সদস্য, বেগম পত্রিকার সঙ্গে সম্পৃক্তদের কয়েকজন ছাড়া আর তেমন কেউই ছিলেন না। জন্মদিনের অনুষ্ঠানেই দু-একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, নূরজাহান বেগমের জন্মদিন পালনের দায় কি শুধুই তাঁর পরিবারের? জাতীয় কোনো উদ্যোগ কেন নেই? 
পুরান ঢাকার শরৎ গুপ্ত রোডের ৩৮ নম্বর বাড়িতে থাকেন নূরজাহান বেগম। এ বাড়ির পাশের বাড়িতেই জন্মদিনের আয়োজন চলে। টাঙানো হয় শামিয়ানা। বেলুন ঝুলিয়ে দেওয়া হয়। জন্মদিনের ব্যানারে উল্লেখ করা হয়, নূরজাহান বেগমের বড় মেয়ে ফ্লোরা নাসরীন খান এ জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানের আহ্বায়ক। সহযোগিতায় ছিলেন ড. এফ আর খান। তিনি ফ্লোরা নাসরীন খানের স্বামী। নূরজাহান বেগমের আরেক মেয়ে রিনা ইয়াসমিন আহমেদও উপস্থিত ছিলেন। 
বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক কাজী মদিনা বলেন, ‘আপার (নূরজাহান বেগম) জন্মদিন পালনের দায় কি শুধুই তাঁর পরিবারের? এমনকি আমরা যাঁরা এসেছি তাঁরা আপার জন্য একটি কেকও বানিয়ে আনিনি। এই মানুষটির প্রতি আমরা কি যথাযথ সম্মান দেখাচ্ছি? আপার জন্মদিন কেনো জাতীয়ভাবে করা হলো না? আপা নিজে যখন ফোন করে তাঁর জন্মদিনে আসতে বলেছেন তখন নিজেই নিজেকে ধিক্কার দিয়েছি। কেননা আমরা আজ শুধু আপার কারণেই এখানে দাঁড়াতে পেরেছি।’ 
কাজী মদিনার বক্তব্যের পর গেন্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলার আবু তাহের নামের একজন জানালেন তিনি নূরজাহান বেগমের জন্মদিন বড় করে আয়োজন করতে চান। 
অনুষ্ঠানে নূরজাহান বেগম সম্পর্কে যাঁরাই কথা বলছিলেন তাঁরাই বেগমের সঙ্গে যুক্ত হওয়ার স্মৃতি হাতড়ে বেড়ান। কিন্তু সে তো অনেক স্মৃতি। বেগম বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক। ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। বেগম-এর প্রতিষ্ঠাতা ছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন এবং প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন বেগম সুফিয়া কামাল। তবে চার মাস পর থেকেই পত্রিকাটির সম্পাদনা শুরু করেন মোহাম্মদ নাসিরউদ্দীনের সুযোগ্য মেয়ে নূরজাহান বেগম। ১৯৫০ সালে বেগম চলে আসে ঢাকায়। সাপ্তাহিক এই পত্রিকাটি এখন মাসিক পত্রিকা হিসেবে বের হচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন কারণে নিয়মিত প্রকাশে ব্যাঘাতও ঘটে। 
নূরজাহান বেগমের জন্মদিনের অনুষ্ঠানে গবেষক, অধ্যাপক, নারী নেত্রী, লেখিকা ও কবিও সাংবাদিকদের মধ্যে নাজমা ছিদ্দিকী, মালেকা বেগম, আয়শা খানম, সেলিনা খালেক, পারভীন হাসান, বদরুন নেসা আবদুল্লা, হানুফা ইমদাদ, গুলশান আরা, নাছিমুন আরা হক, পারভীন সুলতানা, নাসিমুন নেছা, সুলতানা রিজিয়া, কাজী সুফিয়া আখতার, রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, দিল মনোয়ারা, শামসুন জাহান নূর, আলেয়া ফেরদৌসী, তাহমিনা কোরাইশি, সুফিয়া রহমান, নাজনীন সুলতানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন ও স্মৃতিচারণায় অংশ নেন। সুলতানা কামাল ঢাকার বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তিনি মুঠোফোনে খুদেবার্তায় নূরজাহান বেগমকে শুভেচ্ছা জানান। অনেকে নূরজাহান বেগমের উদ্দেশ্যে লেখা কবিতা পড়ে শোনান। কেউ কেউ গান শোনান। কবি লিলি হক অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। 
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজী অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও চেয়ারপাসন মালেকা বেগম নূরজাহান বেগমের সুস্বাস্থ্য কামনা করেন। নূরজাহান বেগমের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন। 

নূরজাহান বেগমে ৯০তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিল কম। ছবি: হাসান রাজা
নূরজাহান বেগমে ৯০তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিতি ছিল কম। ছবি: হাসান রাজা

দিলারা মেসবাহ জানালেন, নূরজাহান বেগম ছিলেন স্বপ্নের রাজকন্যা। নবম শ্রেণিতে পড়া অবস্থায় বেগমে লেখা ছাপা হয় দিলারা মেসবাহের। এমনকি বিয়ের সময় বেগমে প্রকাশিত ছবি দেখেই নাকি পাত্রপক্ষ দেখতে এসেছিলেন। 

সহকারী অ্যাটর্নি জেনারেল শাহিদা বেগম বলেন, ‘আমি এ পর্যায়ে আসতে পেরেছি, পুরুষের সঙ্গে কাজ করতে পারছি শুধু আপার জন্যই।’
নূরজাহান বেগমের জন্ম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে। বাবার পরে নূরজাহান বেগমের পাশে দাঁড়ান তাঁর স্বামী কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান। তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত।

বিএনপির শুভেচ্ছা:
সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৯০ তম জন্মদিনে তাঁর নারিন্দার বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যান। প্রতিনিধি দলটি নূরজাহান বেগমের বাসভবনে কিছুক্ষণ অবস্থান করে তাঁর শতায়ু কামনা করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন-জাতীয়তাবাদী মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি রাবেয়া সিরাজ, সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, মহিলা দলের নেত্রী বিলকিস জাহান শিরিন, ফরিদা ইয়াসমিন, রায়হান বানু, সাবেরা আলাউদ্দিন, রাশিদা ওয়াহিদ, নাসিমা বেগম, হাসিনা বেগম প্রমুখ।