‘নূরে আলম মামা ব্যথা দিয়েছে...’
মেয়েটির বয়স মাত্র পাঁচ বছর। এই সময়ে সমবয়সী শিশুদের সঙ্গে তার খেলাধুলা করার কথা, অথচ চা খাওয়ানোর কথা বলে এক পাষণ্ড মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। ১৭ আগস্ট চট্টগ্রামের খুলশী থানাধীন ফয়’স লেক এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার মেয়েটি চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে জবানবন্দি দেয়।আদালত সূত্র জানায়, জবানবন্দি দেওয়ার সময় মেয়েটি খেলছিল। হাকিমের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়েটি ভালো করে সব কথা বলতেও পারেনি। তবে বলেছে, ‘নূরে আলম মামা ব্যথা দিয়েছে...।’পুলিশ সূত্র জানায়, ১৭ আগস্ট চা খাওয়ানোর কথা বলে জনৈক নূরে আলম পাঁচ বছর বয়সী মেয়েটি ও তার আট বছর বয়সী আরেক বোনকে চা খাওয়ানোর কথা বলে বাসায় নিয়ে যায়। বড় বোনকে চা খাওয়ানোর পর বাসার দিকে পাঠিয়ে দেওয়া হয়। এরপর নূরে আলম ছোট বোনকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি নূরে আলমের বাসা থেকে বেরিয়ে ‘মামা ব্যথা’ দিয়েছে বলে কান্নাকাটি করতে থাকে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, মামলা হওয়ায় শিশুটির জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছিল। তবে ঘটনার পর থেকে নূরে আলম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।