'নেটওয়ার্ক পাওয়া গেল, ছেলে ফোন করল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলে আমার ফোন করে বলল, বাবা, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তারপর নেটওয়ার্ক পাওয়া গেল ঠিকই, কিন্তু ছেলে আর ফোন করল না। আমি যে কী হারালাম, সবাইরে ক্যামনে বুঝাই!’ কথাগুলো বলছিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে গত বৃহস্পতিবার বিকেলে পানিতে ডুবে মারা যাওয়া মশিউর রহমানের (২৩) বাবা মাহবুবুর রহমান।

মশিউর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ছিলেন। তাঁর সঙ্গে একইভাবে মারা যান বুয়েটের আরেক ছাত্র সাঈদ লতিফ। দুজনই বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন।

রাজশাহী নগরের শেখপাড়া মহল্লায় গতকাল শুক্রবার বেলা ১১টায় গিয়ে দেখা যায়, সেখানকার বাসিন্দা মাহবুবুর রহমান বাড়ির সামনে বেঞ্চে বসে আছেন। পুত্রশোকে কাতর বাবা বিলাপ করতে করতে বলছিলেন, ‘ছেলে আমাকে বলত, আর তিন-চারটা বছর কষ্ট করো। অনেক ভালো চাকরি পাব। তখন আর কষ্ট থাকবে না।’

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের সাহেববাজার এলাকায় মাহবুবুর রহমানের ছোট একটি পান-বিড়ির দোকান রয়েছে। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন মশিউর। এরপর ভর্তি হন বুয়েটে।

সিলেটের বিছনাকান্দিতে মারা যাওয়া বুয়েটের অন্য শিক্ষার্থী সাঈদ লতিফ। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে গতকাল তাঁর বাড়িতে গিয়েও দেখা যায় মাতম। পরিবারের সদস্যরা বলেন, সাঈদের বাবা নুরুল ইসলাম রাজশাহী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক। আর মা নাছিমা আক্তার বানু রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক।

গত বৃহস্পতিবার রাতেই মশিউর ও সাঈদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, অপমৃত্যু মামলা ও সাধারণ ডায়েরি  করে লাশ দুটি হস্তান্তর করা হয়।

গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মশিউর ও সাঈদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছে। আসরের নামাজের পর জানাজা শেষে মশিউরকে দাফন করা হয়। আর জানাজা শেষে বাদ মাগরিব বড় জামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে সাঈদকে দাফন করা হয়।

বুয়েটের ১৪ শিক্ষার্থী গত বৃহস্পতিবার বিছনাকান্দিতে বেড়াতে যান। বিকেলে সেখানে গোসলের সময় পানিতে ডুবে মারা যান মশিউর ও সাঈদ।

(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, গাইবান্ধা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, সিলেট)