আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘নেতা হতে চাইলে এখন আর তৃণমূল থেকে উঠে আসার প্রয়োজন নেই। নেতা এখন বানিয়ে দেওয়া হয়। এর ফলে রাজনীতিতে অবক্ষয় দেখা দিয়েছে।’গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলী আহম্মদ চুনকা স্মারকগ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।তোফায়েল আহমেদ বিরোধী দলের উদ্দেশে বলেন, শুধু মুখের কথায় গণ-অভ্যুত্থান হয় না। সরকারকে গণ-অভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই। তিনি বিরোধী দলকে সংসদে এসে অন্তর্বর্তী সরকারের রূপরেখা উপস্থাপনের আহ্বান জানান। সমসাময়িক রাজনীতির প্রতি ইঙ্গিত করে তোফায়েল বলেন, এখন এক দলের নেতা আরেক দলের নেতার কোনো অনুষ্ঠানে পর্যন্ত যেতে চান না। রাজনীতি থেকে সহনশীলতা, নৈতিকতা আর শ্রদ্ধার চর্চা হারিয়ে যাচ্ছে।তোফায়েল আহমেদ বলেন, আলী আহম্মদ চুনকা ছিলেন গণমানুষের নেতা। তৃণমূল থেকে উঠে এসে দুবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও দল-মতের ঊর্ধ্বে উঠে সবার ভালোবাসা অর্জন করেছিলেন।নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলী আহম্মদ চুনকার বড় মেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচনে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা রক্ষা করতে চাই।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু প্রমুখ।