'নেতা-কর্মীদের চাপে নতিস্বীকার করা যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান বলেছেন, কোনো দলীয় নেতা-কর্মীদের অন্যায় চাপের মুখে নতিস্বীকার করা যাবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাজমুল হক প্রধান বলেন, আইনশৃঙ্খলাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ বিষয়ে সামাজিক ঐক্য গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। তিনি দেশের সার্বিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে বলেন, ‘সহিংসতা বন্ধ করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারায় রাজনৈতিক সংস্কৃতির চর্চায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, গণতন্ত্র ও সংবিধান রক্ষায় নির্বাচিত সরকার তাঁর মেয়াদকাল পর্যন্ত জনগণের দেওয়া দায়িত্ব পালন করে যাবে। তিনি এলাকার আর্থসামাজিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ইউএনও মাকছুদা বেগম।