গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি না দিলে এবং মামলা প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম থেকে কঠোর আন্দোলনের কমসূচি ঘোষণা করা হবে।গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আজ বৃহস্পতিবারের হরতালের সমর্থনে ১৮ দলীয় জোট এই সামবেশের আয়োজন করে। সমাবেশ থেকে নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার মানববন্ধন এবং সোমবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান একজন পরিচ্ছন্ন ও আদর্শবান রাজনীতিবিদ। কোনো দুর্বৃত্ত নন। তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে, মামলা দিয়েছে। অবিলম্বে আবু সুফিয়ানসহ নেতা-কর্মীদের মুক্তি না দিলে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’গত সোমবার রাতে নাসিমন ভবন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, যুবদলের নেতা আবুল হাশেমসহ ৬৪ জনকে আসামি করে মামলা দেয় পুলিশ। এরপর গত মঙ্গলবার বহদ্দারহাট থেকে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।রাজধানীতে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বিশ্বজিতকে কুপিয়ে মারা হলো। অথচ সরকার এখনো হত্যাকারীদের ধরতে গড়িমসি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী একজন দায়িত্বশীল লোক হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের উসকে দিচ্ছেন, যাতে তাঁরা বিরোধী দলের নেতা-কর্মীদের আঘাত করেন। বিএনপি ক্ষমতায় গেলে বিশ্বজিৎ হত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আসামি করা হবে।’সমাবেশের প্রধান বক্তা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, হামলা-মামলা করে সরকার গদি রক্ষা করতে পারবে না। যত মামলা হবে, সরকারের পতন ততই ত্বরান্বিত হবে।চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক রোজী কবির, কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলম।