
আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মুখ্য ভূমিকা পালনকারী হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক ব্যবস্থায় জনপ্রতিনিধিত্বশীলতা, রাজনৈতিক সামাজিকীকরণ, বিভিন্নমুখী স্বার্থ জ্ঞাপন ও স্বার্থ সংরক্ষণ, রাজনৈতিক যোগাযোগ ইত্যাদি মুখ্যত রাজনৈতিক দলের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। রাজনৈতিক দলই প্রতিযোগিতামূলক জনপ্রিয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতা চর্চা করে এবং জাতীয় সংসদসহ সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কাঠামোতে জড়িত থাকে। দেশের নির্বাচনী-রাজনীতি, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং বিচরণ গণতান্ত্রিক ব্যবস্থায় বিশেষভাবে প্রত্যক্ষ করা যায়। এ জন্য বর্তমানে রাষ্ট্রের নাগরিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে রাজনৈতিক দলের সার্বিক কর্মকাণ্ড ও তৎপরতা। রাজনৈতিক দলের এ গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রবিজ্ঞানীরা ডেমোক্রেসিকে ‘পার্টিক্রেসি’ হিসেবে অভিহিত করতে চেয়েছেন। বস্তুত, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিকীকরণের ওপর বহুলাংশে নির্ভরশীল এবং রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্রের প্রকৃত চর্চা তখনই বাস্তবরূপ পরিগ্রহ করে যখন দলীয় পর্যায়ে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চিত হতে থাকে।
দলীয় পর্যায়ে গণতন্ত্রায়ণের যেসব বৈশিষ্ট্য চিহ্নিত করা যায় তার মধ্যে রয়েছে: গণতন্ত্রসম্মত সংবিধান রচনা; কেন্দ্র থেকে স্থানীয় দলীয় কাঠামোর সুষ্ঠু বিন্যাস; শীর্ষ নেতৃত্বসহ সর্বস্তরে নির্বাচিত নেতৃত্বের অবস্থান; দলীয় সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত-প্রক্রিয়া; ওপর থেকে তৃণমূল (টপ-ডাউন) ও তৃণমূল থেকে ওপর (বটম-আপ) যোগাযোগ; গণতান্ত্রিক উপায়ে দলীয় মনোনয়ন দান ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ; স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা; দলে জনসম্পৃক্ততা ও সুশীল সমাজের সঙ্গে যোগসূত্র স্থাপন; অবাধ তথ্যপ্রবাহ এবং সর্বোপরি অভ্যন্তরীণ ও বহিস্থ জবাবদিহি নিশ্চিতকরণ। এসব বৈশিষ্ট্যের সম্মিলন ঘটলে রাজনৈতিক দল গণতন্ত্রসম্মত হয় এবং সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠাসহ রাষ্ট্রে গণতন্ত্র বিনির্মাণ ও রাজনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় অবদান ও ভূমিকা রাখে।
বর্ণিত বৈশিষ্ট্যগুলো পৃথিবীর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলোতে অনেকাংশে লক্ষ করা গেলেও বাংলাদেশসহ উন্নয়নশীল অনেক রাষ্ট্রেই প্রকৃত দৃশ্যমান হয় না। এ দেশে ঐতিহাসিকভাবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে দলীয় কাঠামোর সূত্রপাত ঘটে এবং পরবর্তী সময়ে ১৯৭১ সালে রাজনৈতিক দলের নেতৃত্বেই জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতা-পরবর্তীকালে বহুমাত্রিক সংকট সুষ্ঠু দলীয় ব্যবস্থা নির্মাণ বাধাগ্রস্ত করে। দেশে একদলীয় ব্যবস্থা প্রবর্তন, ১৯৭৫ থেকে নব্বই পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ সামরিক শাসনামলে বহুদলীয় কাঠামোয় পৃষ্ঠপোষকতার নীতি, রাজনৈতিক অবক্ষয়, দলীয় ভাঙন ও উপদলীয় রাজনৈতিক প্রক্রিয়া নেতিবাচক ভূমিকা রাখে। নব্বইয়ের শেষে ত্রি-দলীয় ঐক্যজোটের নেতৃত্বে স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের পর ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে এ দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে একধরনের দ্বিদলীয় ব্যবস্থা চালু হয় এবং সেই থেকে অদ্যাবধি এ দুটি দল পরম্পরায় সরকার গঠন করেছে। উল্লিখিত ‘দ্বি-দলীয়’ প্রবণতায় লক্ষ করা গেছে, সংশ্লিষ্ট শীর্ষ নেতৃত্বের কর্তৃত্ববাদ, পারিবারিক বা বংশানুক্রমিক উত্তরাধিকার, অনিয়মিত কনভেনশন, প্রভু-অধস্তন নেটওয়ার্ক, সিদ্ধান্ত-প্রক্রিয়ায় অংশগ্রহণের অভাব ও অস্বচ্ছতা, দলীয় কাঠামোয় অরাজনৈতিক সুযোগসন্ধানীদের বিশেষত অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক আমলা, ব্যবসায়ী-শিল্পপতিদের উপস্থিতি, নেতৃত্বনির্ভর নির্বাচনী মনোনয়ন, অস্বচ্ছ অর্থায়ন, ব্যবসা-রাজনীতি সম্পর্ক ইত্যাদি উপাদান।

এ প্রেক্ষাপটে দেশের সচেতন গোষ্ঠী ও সংশ্লিষ্ট পক্ষ থেকে গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রায়ণ ও জবাবদিহির প্রসঙ্গটিকে বিশেষ গুরুত্ব দিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। অবশেষে ২০০৭-০৮ সালে এক-এগারোর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে এ লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০০৮ জারি করে প্রয়োজনীয় বিধিমালা সংযুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে নির্বাচনে ইচ্ছুক রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের সঙ্গে বাধ্যতামূলক নিবন্ধন, গণতান্ত্রিক দলীয় গঠনতন্ত্র ও চর্চা, দলীয় অর্থ ও হিসাবরক্ষণে জবাবদিহি ইত্যাদি। নিবন্ধনের শর্তে থাকে স্বাধীনতা-পরবর্তী সময়ে যেকোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকসহ কমপক্ষে একটি আসনে জয়লাভ; সংসদ নির্বাচনের যেকোনো একটিতে নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটসংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভ। দলের কেন্দ্রীয় কমিটিসহ একট সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন ১০টি প্রশাসনিক জেলায় জেলা কমিটিসহ কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন ৫০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর থাকার বিধান। নিবন্ধন-উত্তর শর্তাবলিতে উল্লিখিত হয় দলের কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ের কমিটি-সদস্যদের নির্বাচন, সব কমিটিতে শতকরা ৩৩ ভাগ আসন নারীদের জন্য সংরক্ষণ এবং ২০২০ সালের মধ্যে এ লক্ষ্য অর্জন; এবং দলে ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক বা অন্য কোনো পেশাভিত্তিক সহযোগী সংগঠন না রাখার বিধান। আরপিওর নির্দেশনায় নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলের তৃণমূল কমিটি রচিত প্যানেল তালিকা থেকে কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের প্রার্থী বাছাই-প্রক্রিয়া প্রথমে বাধ্যতামূলক, পরে ঐচ্ছিক করা হয়। তা ছাড়া আর্থিক জবাবদিহি প্রসঙ্গে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট দলের বার্ষিক আর্থিক লেনদেন রেজিস্ট্রার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মে নিরীক্ষিত প্রতিবেদন নির্বাচন কমিশনে বাধ্যতামূলকভাবে দাখিলের বিধান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তাত্ত্বিকভাবে আরপিও অনুসরণ এবং প্রকৃত চর্চার ক্ষেত্রে ব্যাপক ফারাক রয়েছে বলে প্রতীয়মান হয়। দলীয় গঠনতন্ত্রের প্রয়োগে এবং গণতান্ত্রিক রীতি, নীতি ও প্রথার অনুসরণেও ঘাটতি লক্ষণীয়। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের ক্ষেত্রে বিধির বাধ্যবাধকতা পূরণে দলীয় কনভেনশন অনুষ্ঠিত হলেও অভ্যন্তরীণ কাঠামোর সর্বস্তরে গণতান্ত্রিকভাবে নেতা-কর্মী নির্বাচন লক্ষ করা যায়নি। উপরন্তু এক-এগারোর পরবর্তী সময়ে দলীয় শীর্ষ নেতৃত্বের কর্তৃত্ব আরও সুসংহত এবং সুদৃঢ় হয়েছে। দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিতে যথাক্রমে শেখ হাসিনা, খালেদা জিয়া ও এইচ এম এরশাদ সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে স্বীয় পদে বহাল রয়েছেন। দলের মহাসচিব পদে যা পরিবর্তন হয়েছে তা দলীয়-প্রধানের চূড়ান্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হয়। এসব দলের শীর্ষ নেতৃত্ব এবং বিশেষ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের নেতৃত্বে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। ফলে দলের ভেতরে ‘বটম-আপ’ পরিকল্পনার প্রক্রিয়ার অভাবসহ স্থানীয় উদ্ভাবনী চিন্তার বিকাশ উৎসাহিত হয়নি এবং স্থানীয় গতিশীল ও উদ্যমী দলীয় কর্মীদের ওপরের সারিতে উঠে আসার প্রক্রিয়া স্থবির হয়েছে। শীর্ষ কাঠামো থেকে আগত নির্দেশাবলি প্রাধান্য পাওয়ায় প্রধান দলগুলোতে দলীয় প্রধানের কাছে প্রায় সব কর্তৃত্ব অর্পণের প্রবণতা থেকে গেছে, যা দলীয় বিষয়াদিকে ‘এক ব্যক্তির’ ব্যাপারে পরিণত করে এবং দলীয়-প্রাতিষ্ঠানিকায়নের পরিবর্তে ক্ষমতার ব্যক্তিগতকরণ ঘটায়। এ প্রবণতায় সংযুক্ত হয় সংবিধানের ৭০ অনুচ্ছেদের নেতিবাচক প্রভাব, যা সংশ্লিষ্ট দলের নির্বাচিত সংসদ সদস্যদের দলীয় প্রধানের আজ্ঞাবহ করে রাখে। একানব্বই-পরবর্তী সময় থেকে অদ্যাবধি সংসদীয় কাঠামোয় নির্বাচিত শাসক দল ও সরকারের মধ্যে পার্থক্য টানা হয়নি। দলীয় প্রধান এবং সরকারপ্রধান একই ব্যক্তি হওয়ায় তাঁর কর্তৃত্বের পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। ফলে লক্ষ করা যাচ্ছে যে ক্ষমতাসীন দলের সরকারপ্রধান একাই নিজ দল ও সরকারি নীতির নির্ধারক। দলীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ; সভাপতি মণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর বৈঠক হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনিই মূল ভূমিকা পালন করেন। এ ক্ষেত্রে দলীয় সাধারণ সম্পাদকের ভূমিকা গৌণ (প্রথম আলো, ৮.৯.২০১৩)।

দলীয় সুশাসনে মনোনয়ন-প্রক্রিয়ায় গণতন্ত্রায়ণ ইপ্সিত এবং কাম্য। এ লক্ষ্যে ২০০৮ সালের আরপিওতে দলীয় তৃণমূল কমিটি রচিত প্যানেল তালিকা থেকে মনোনয়ন দানের বিধি থাকলেও তা খণ্ডিতভাবে অনুসারিত হয়েছে। মনোনয়ন-সিদ্ধান্তে কেন্দ্রীকরণের ফলে দলে অর্থের জোগানদার ও বিত্তবান ব্যবসায়ী-শিল্পপতিদের মনোনয়ন লাভের সুযোগ অব্যাহত রয়েছে। আরপিওর কিছু সংশ্লিষ্ট বিধিতে প্রস্তাবিত পরিবর্তন সাধিত হলে এবং দলীয় মনোনয়নই চূড়ান্ত হলে দলের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের পথ রুদ্ধ হয়ে দলীয় নেতৃত্বের কর্তৃত্বই প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করা যায়। বর্ণিত আরপিওতে নিবন্ধিত রাজনৈতিক দলের দেশে বা বিদেশে বিভিন্ন পেশাভিত্তিক অঙ্গসংগঠন স্থাপনের নিষেধাজ্ঞা থাকলেও কার্যত তা অনুসরণ করা হচ্ছে না। এ কারণে আগের মতো ছাত্র-শিক্ষক, শ্রমিকসহ অন্যান্য পেশাজীবী সংগঠন দলীয়ভাবে বিভক্ত হয়ে সংশ্লিষ্ট দলের লেজুড়বৃত্তি করে চলেছে এবং এর নেতিবাচক প্রভাবে গণতন্ত্রের সহায়ক শক্তি হিসেবে সুশীল সমাজের নিজস্ব তৎপরতাকে দুর্বল করতে অবদান রেখেছে।
দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নিজেদের গণতন্ত্রমনা দাবি করলেও দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোতে মোট জনসংখ্যার অর্ধেক অর্থাৎ নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নেই। দলীয় সূত্রে জানা গেছে যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়ামের মোট সদস্যসংখ্যা হচ্ছে যথাক্রমে ১৫, ১৯ ও ৪২ এবং এসব কাঠামোতে নারী সদস্য হচ্ছে যথাক্রমে মাত্র চার, দুই ও চারজন। আওয়ামী লীগ ও বিএনপির ওই দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামোতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বও প্রান্তিক, যাতে মাত্র একজন করে সংখ্যালঘু সদস্য রয়েছে। এ দৃষ্টান্ত প্রধান দুটি দলে গণতান্ত্রিক প্রতিনিধিত্বের ইঙ্গিতবাহী নয় এবং আর মাত্র ছয় বছর পরে অর্থাৎ ২০২০ সালের মধ্যে। আরপিওর নির্দেশনা মোতাবেক দলের সব পর্যায়ের কমিটিতে শতকরা ৩৩ ভাগ স্থান নারীদের জন্য সংরক্ষিত রাখার লক্ষ্য পূরণ করা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
বড় দলগুলোর ক্ষেত্রে দলীয় কাঠামোতে ‘পৃষ্ঠপোষক-আশ্রিত’ সম্পর্কে ক্রিয়াশীল এবং মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক উপাদান সমৃদ্ধ এ নেটওয়ার্ক অদ্যাবধি সবল রয়েছে। এ উপাদান সংগঠন বিকাশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে দলের আদর্শচ্যুতিসহ নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয় এবং যৌক্তিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা সম্ভবপর হয় না। সংকীর্ণ দৃষ্টিকোণ-সম্পন্ন পৃষ্ঠপোষক-মক্কেল সম্পর্কের সূত্রে দলে সুবিধাবাদের অনুপ্রবেশ এবং অভ্যন্তরীণ গ্রুপ দ্বন্দ্ব ও সমর্থক বাহিনীর আন্তবিরোধ, সহিংসতা, খুন ও জখম সাম্প্রতিক কালে বৃদ্ধি পেয়েছে, যা প্রধান দুটি দলে দৃশ্যমান হয়েছে। দলে ও নির্বাচনী রাজনীতিতে পৃষ্ঠপোষকতার উপাদান দুর্বল আনুগত্য, কোন্দল, স্বজনপ্রীতি ও দুর্নীতিকেই প্রশ্রয় দিয়েছে, যা রাজনৈতিক দলের গণতন্ত্রায়ণে প্রতিবন্ধক হয়েছে।
স্বচ্ছ রাজনৈতিক অর্থায়ন ও আর্থিক ব্যবস্থাপনা দলীয় জবাবদিহির অন্যতম নিয়ামক। এ-সংক্রান্ত বিধি অনুযায়ী দলীয় হিসাব সংরক্ষণ, রসিদ প্রদান সাপেক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চাঁদা সংগ্রহ এবং বাধ্যতামূলকভাবে নিরীক্ষিত হিসাব এবং নির্বাচনী খরচের প্রতিবেদন প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমাদান আবশ্যক। আরপিওতে অন্তর্ভুক্ত এসব বিধি নবম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময় থেকে নিবন্ধিত দলগুলো অনুসরণ করে। তবে দাখিল করা দলীয় বার্ষিক-আর্থিক হিসাবের বাস্তবতার নিরিখে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক অর্থায়নের সুষ্ঠু তদারকি এবং দলীয় হিসাবের জন-উন্মুক্তকরণ লক্ষণীয় নয়।
বাংলাদেশে রাজনৈতিক দলীয় কাঠামোয় গণতন্ত্রায়ণ, এ লক্ষ্যে প্রবর্তিত বিধি-বিধানের প্রকৃত অনুসরণ এবং সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতি চর্চায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সচেতন ও উদ্যোগী হওয়া একান্তভাবে আবশ্যক। দলের নেতিবাচক উপাদানগুলো দূর করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের এবং তা বাস্তবায়নের ওপর নির্ভর করে। এ লক্ষ্যে দলের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী, সুশীল সমাজ ও সামাজিক শক্তির দলীয় সংগঠনের ভেতরে ও বাইরে অবস্থান করে যথাযথ সমন্বিত প্রয়াস ও চাপ প্রয়োগ এবং জনমত গঠন ফলপ্রসূ হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দলে ইপ্সিত সংস্কার সাধন এবং গণতন্ত্র চর্চা অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। প্রকৃতপক্ষে জাতীয় পর্যায়ে গণতন্ত্র বিনির্মাণে অন্যতম এক পূর্বশর্ত হিসেবে দলীয় কাঠামোতে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চার কোনো বিকল্প নেই।
আল মাসুদ হাসানউজ্জামান: অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়