‘নেপথ্যের কারিগর’
সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাঁরা হলেন, আওয়ামী লীগ-সমর্থিত আজিজুর রহমান (দেয়াল ঘড়ি) ও বিএনপি-সমর্থিত মঈন উদ্দিন চৌধুরী (আনারস)। এই দুই প্রার্থীর পেছনে আছেন বড় দুই দলের দুই নেতা। সাধারণ ভোটাররা মনে করছেন, নেপথ্যের ‘লড়াইটা’ আসলে এই দুই নেতার মধ্যে।জানা গেছে, দিরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি মূলত দুই নেতাকে কেন্দ্র করে চলে আসছে। এই দুই নেতা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী। দিরাই-শাল্লায় এই দুই নেতাই দুই দলের রাজনীতি নিয়ন্ত্রণ করেন। জাতীয় সংসদ নির্বাচনেও একে অপরের প্রতিদ্বন্দ্বী। এবার পৌর নির্বাচনে প্রথমে দুই বলয় থেকে চারজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দুই নেতা দুই পক্ষের দুই প্রার্থীকে বসিয়ে দেন। শেষমেশ মেয়র পদে প্রার্থী আছেন দুজন। এর মধ্যে ব্রিটেনপ্রবাসী আজিজুর রহমান সুরঞ্জিত সেনগুপ্তের ঘনিষ্ঠ লোক। অন্যদিকে মঈন উদ্দিন চৌধুরী বিএনপির নেতা নাছির উদ্দিন চৌধুরীর আপন ছোট ভাই। স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এই নেতা ভাইকে জয়ী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।দিরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুজানগর গ্রামের বাসিন্দা তোফায়েল আহমদ বলেন, ‘এটা সবাই জানে, এখানে দুই মেয়র পদপ্রার্থীর পেছনে আছেন দুই নেতা। তাঁরাই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। দুই নেতার লোকজন এখন দুই প্রার্থীকে জয়ী করতে আটঘাট বেঁধে নেমেছেন।’কলেজ রোডের বাসিন্দা স্কুলশিক্ষক অশোক রায় বলেন, ‘দিরাই-শাল্লায় আসলে দলটল কিছু না, মানুষ দেখে কে কার লোক। কে সেনবাবুর আর কে নাছির চৌধুরীর। এটাই এখানে বড় কথা। সব নির্বাচনেই এ রকম হয়।’বিএনপির মেয়র পদপ্রার্থী মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘বাস্তবতা হলো, দিরাই-শাল্লায় যত নির্বাচন হয় সব কটিতেই এই দুই নেতা মূল হিসেবে কাজ করেন। পৌর নির্বাচনেও তা-ই হচ্ছে। এখানে দুই ধারা। এর বাইরে কোনো কিছু নাই।’ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।দুই নেতার ‘নেপথ্যের লড়াই’ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলতাব উদ্দিন বলেন, ‘এটা তো পুরোনো কথা। এখানে শুধু ভোট আর রাজনীতি নয়, বাইরের অনেক কিছুও নিয়ন্ত্রণ করেন তাঁরা। নির্বাচনে প্রার্থীরা থাকেন প্রকাশ্যে, আর নেপথ্যের কারিগর হলেন সুরঞ্জিত সেনগুপ্ত ও নাছির উদ্দিন চৌধুরী।’