‘নেরিকা-১০’ ধানের চাষ করে ক্ষতিগ্রস্ত তিন হাজার কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা থেকে আমদানি করা খরা সহনশীল ‘নেরিকা-১০’ জাতের ধান চাষ করে গত বছরের আউশ মৌসুমে যশোরের তিন হাজার কৃষককে লোকসান গুনতে হয়েছে। সরকারি প্রণোদনা হিসেবে বীজ ও সার দেওয়ার পরও কৃষকের বিঘাপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা লোকসান হয়েছে। চলতি আউশ মৌসুমে সেচ ও আগাছা দমনে অতিরিক্ত ৬০০ টাকা প্রণোদনা দিয়ে এ ধান চাষে কৃষককে আবার উদ্বুদ্ধ করা হচ্ছে। যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বীজ বপন করে ৭০-৭৫ দিনেও উৎপাদন না পেয়ে গত বছর অন্তত ৯০ শতাংশ কৃষক খেত ভেঙে অন্য ধানের চাষ করতে বাধ্য হন। এতে প্রত্যেক কৃষককে চার থেকে পাঁচ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। তখন থেকে কৃষক ক্ষতিপূণ দাবি করে আসছেন। এ বছর আবারও ওই ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য কর্মসূচি রয়েছে। কিন্তু কোনো কৃষককে নেরিকা ধান চাষ করতে রাজি করানো যাচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর প্রণোদনা হিসেবে যশোর জেলার তিন হাজার কৃষককে বীজ ও সার দিয়ে তিন হাজার বিঘা জমিতে নেরিকা-১০ জাতের ধানের আবাদ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি নেরিকা-১০ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরিক অব পটাশ) সার দেওয়া হয়। গত বছরের প্রণোদনার সঙ্গে এ বছর সেচ খরচ বাবদ ৩০০ ও আগাছা দমন বাবদ ৩০০ মোট ৬০০ টাকা করে বিঘাপ্রতি প্রত্যেক কৃষককে দেওয়া হচ্ছে। উৎপাদনে সফলতা না আসায় কৃষকের সংখ্যা তিন হাজার থেকে কমিয়ে এ বছর গোটা জেলায় ৯৩০ জনে নামিয়ে আনা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হেমায়েত হোসেন বলেন, জাতটি বাংলাদেশে নতুন। গত বছর এ ধান চাষে ততটা সফলতা আসেনি। বিঘাপ্রতি ২১ মণ উৎপাদনের কথা বলা হলেও বাস্তবে গড়ে পাঁচ মণের মতো উৎপাদন হয়েছে। এ কারণে কৃষকেরা এ ধান চাষে অনাগ্রহী। এ জন্য এ বছর কৃষকের সংখ্যা তিন ভাগের এক ভাগে নামিয়ে আনা হয়েছে। সার ও বীজ বাদেও বিঘাপ্রতি ৬০০ টাকা করে প্রণোদনা দেওয়া হচ্ছে। রফিকুল ইসলাম প্রশ্ন তোলেন, যেখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধানবীজ রোপণ করে কৃষক বিঘাপ্রতি ১৪ থেকে ১৮ মণ ফলন পাচ্ছেন, সেখানে কৃষক কেন পাঁচ-সাত মণ উৎপাদনের নেরিকা-১০ ধান রোপণ করতে যাবেন? নেরিকা-১০ ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করার কারণ জানতে চাইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ ও উদ্যান দপ্তরের সদস্য পরিচালক মো. নুরুজ্জামান বলেন, এই ধানবীজের ভালো কিছু বৈশিষ্ট্য রয়েছে। মূল বৈশিষ্ট্য হচ্ছে, এ ধান খরাসহিষ্ণু। চাষে ততটা সেচের দরকার হবে না। বিঘাপ্রতি ২১ মণ ধান উৎপাদন হয়। কৃষি কর্মকর্তাদের অবহেলা আর ঘৃণার কারণে গত বছর মাঠপর্যায়ে ফলন কিছুটা খারাপ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (খাদ্য ও শস্য) অনিল চন্দ্র সরকার বলেন, নতুন জাতের ফসল, এ জন্য হয়তো ততটা নিবিড়ভাবে যত্ন নেওয়া হয়নি। বিএডিসির কর্মকর্তাদের সহায়তা নিয়ে এবার মাঠপর্যায়ে কাজ করা হবে।