‘নেশায় অমানুষ’
নেশার টাকা না পেয়ে মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করেছেন জয়পুরহাটের কালাই উপজেলার মাদকাসক্ত এক তরুণ। একপর্যায়ে মায়ের গলাটিপে ধরলে বাবা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত দেড় বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে ওই তরুণকে জেলহাজতে পাঠান। গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালাইয়ের ইউএনও মো. হাফিজুর রহমান এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম মুক্তার হোসেন (৩২)। তিনি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের পল্লি চিকিৎসক লাল মিয়ার ছেলে। মুক্তারের বাবা লাল মিয়া জানান, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে অসম্ভব রকম মেধাবী এবং সহপাঠীদের কাছে অত্যন্ত শান্ত ও বিনয়ী ছেলে হিসেবে সুনাম ছিল মুক্তারের। এসএসসিতে তাক লাগানো ফলাফলও করেছিলেন তিনি। কিন্তু কলেজে ভর্তি হওয়ার আগেই সঙ্গদোষে নেশায় আসক্ত হয়ে পড়েন। প্রথমে গাঁজা নিলেও একপর্যায়ে ফেনসিডিল, ঘুমের বড়ি ও হেরোইনের নেশায় বুঁদ হন তিনি।লাল মিয়া বলেন, ‘ছয় বছর আগে সেই যে শুরু, নেশা থেকে আর ফেরানো যায়নি তাকে। নেশার টাকার জন্য বাবার পকেট থেকে টাকা ও মায়ের গয়না চুরি করে। একপর্যায়ে বাড়ির গরু-ছাগল, ঘটিবাটি—যেখানে যা পেত, তা-ই বিক্রি করে নেশার টাকা জোগাত সে। টাকা না পেয়ে পরিবারের লোকজনের ওপর অসম্ভব রকমের অত্যাচার-নির্যাতন করত। মঙ্গলবার বিকেলে টাকা চেয়ে না পেয়ে ধারালো ছুরি দিয়ে তার মায়ের শরীর ক্ষতবিক্ষত করে। কোনো উপায় খুঁজে না পেয়ে সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করেছি।’মা কোহিনুর বেগম বলেন, ‘নাড়িছেঁড়া ধন নেশায় অমানুষ হয়ে গেছে। দিনের পর দিন ওর অত্যাচার-নির্যাতন মুখ বুজে সহ্য করেছি। আদরের সন্তানকে দেড় বছর ধরে জেলে রেখে বুকটা হাহাকার করবে। তবে ছেলে সুস্থ-স্বাভাবিক হয়ে ফিরে এলে সেই কষ্ট-যন্ত্রণা ভুলে যাব।’পুলিশে সোপর্দ করার আগে মুক্তার বলেন, ‘মাদক না নিলে পৃথিবীর সবকিছু ভুলে যাই। নেশা আমার কাছে অনেক প্রিয়। আমাকে নেশার টাকা দিক, আমি কাউকে মারব না।’ইউএনও মো. হাফিজুর রহমান ওই মাদকাসক্ত তরুণকে দেড় বছরের কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।’