‘নেসলে’ পরিবেশকের ছয় লাখ টাকা ছিনতাই
সিলেটে শিশুখাদ্যসামগ্রী কোম্পানি ‘নেসলে’র জেলা পরিবেশকের কাছ থেকে ছয় লাখ টাকার ব্যাগ ছিনতাই হয়েছে। গতকাল রোববার দুপুরে হজরত শাহজালাল (র.) দরগাহের পেছনের সড়কে এ ঘটনা ঘটে।দুটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা পালানোর সময় জনগণ ধাওয়া করলে তারা একটি মোটরসাইকেল ফেলে যায়। পুলিশ মোটরসাইকেলটি আটক রেখে তাদের শনাক্তের চেষ্টা করছে।নেসলের জেলা কার্যালয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা পরিবেশক ফেরদৌস চৌধুরী নগরের হাউজিং এস্টেট এলাকার কার্যালয় থেকে নগদ ছয় লাখ টাকা ও দুই লাখ টাকার সাতটি চেক ব্যাগে করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। দরগা এলাকার পেছনের সড়ক দিয়ে তিনি মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক তাঁকে ঘিরে ধরে টাকা ও চেক রাখা ব্যাগটি ছিনিয়ে নেয়।ফেরদৌস জানান, তাঁর মোটরসাইকেলের দুই পাশে দুটি মোটরসাইকেল থামে। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই ব্যাগে টান দেয়। এ সময় তিনি বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা বুকে চাকু ধরে ব্যাগ নিয়ে চলে যায়।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক রবিউল হক জানান, ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি (সিলেট-হ-১১-৩১১৩) উদ্ধার করে এর সূত্র ধরে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় ফেরদৌস বাদী হয়ে মামলা করেছেন।