'নৌকার বিরুদ্ধে থাকলে ভোটের আগেই বহিষ্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রার্থীর বিরোধিতা মানে নৌকা প্রতীকের বিরুদ্ধে থাকা। কোনো দলীয় নেতা-কর্মীকে যদি এ অবস্থায় পাওয়ার প্রমাণ মেলে; তাহলে ভোটের পরে নয়, আগেই দল থেকে বহিষ্কার করা হবে।
গত বৃহস্পতিবার রাতে সিলেট সদর উপজেলার শাহপরান বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পথসভাটি খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মো. নজরুল ইসলাম ওরফে বেলালের সমর্থনে হলেও এতে পার্শ্ববর্তী টুলটিকর, খাদিমনগর, টুকেরবাজার ইউনিয়নের দলীয় প্রার্থী ও কর্মী-সমর্থকেরা সমবেত হন।
রাত আটটায় শুরু হওয়া পথসভায় সভাপতিত্ব করেন খাদিমপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাকের আলী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছাড়াও সভায় জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ বক্তব্য দেন।
প্রথম ধাপে ২২ মার্চ সিলেট সদর উপজেলার আট ইউনিয়নে নির্বাচন হবে। এসব ইউনিয়নের মধ্যে খাদিমপাড়া ও টুলটিকর বাদে বাকি ছয়টিতে একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে খাদিমপাড়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিএনপির প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পেশায় আইনজীবী আফসার আহমদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের অনেক নেতা-কর্মী সরাসরি আফসার আহমদের পক্ষে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে শাহপরান বাজারে ওই পথসভার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ উপস্থিত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় বহিষ্কার করার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মিসবাহউদ্দিন বলেন, দলীয় প্রার্থীর পক্ষে আফসার আহমদকেও প্রার্থিতা প্রত্যাহার করে মাঠে নামতে হবে। নৌকার পক্ষে না থাকলে বহিষ্কার করা হবে। তবে কেন্দ্রীয় নেতার হুঁশিয়ারি সম্পর্কে আফসার আহমদ কোনো মন্তব্য করতে রাজি হননি।