'নৌবাণিজ্য ও সমুদ্র সম্পদ আহরণে হাইড্রোগ্রাফিক জ্ঞানের গুরুত্ব বাড়ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাণিজ্য সম্প্রসারণ, সমুদ্রসম্পদ অনুসন্ধান ও আহরণে হাইড্রোগ্রাফিক জ্ঞানের গুরুত্ব দিন দিন বাড়ছে। বাংলাদেশ নৌবাহিনী দক্ষতার সঙ্গে বঙ্গোপসাগরে হাইড্রোগ্রাফিক জরিপ ও গবেষণাকার্য পরিচালনা করছে। নৌবাহিনীর প্রকাশিত হাইড্রোগ্রাফিক জরিপ চার্ট ও প্রকাশনাসমূহ আন্তর্জাতিক মানের হওয়ায় তা সারা বিশ্বের নাবিকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সমুদ্রপথে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে তা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গতকাল মঙ্গলবার বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস উপলক্ষে নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম নৌ অঞ্চলে ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’ মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন বলেন, নৌবাহিনী হাইড্রোগ্রাফিক জরিপসহ পায়রা বন্দরের উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমোডর মীর ইমদাদুল হক। এতে কর্ণফুলী নদীর গুরুত্ব তুলে ধরেন চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের প্রধান কমান্ডার এম এম করিম চৌধুরী। সেমিনারে কমান্ডার (চট্টগ্রাম নৌ অঞ্চল) রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীবসহ ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের প্রধান কমান্ডার এম এম করিম চৌধুরী বলেন, সমুদ্রপথে পণ্য পরিবহনের ৯২ শতাংশই কর্ণফুলী নদী ব্যবহার করে হচ্ছে।