‘নৈরাজ্য, অপতৎপরতা’ প্রতিরোধের ঘোষণা দিল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের নামে বিএনপি ‘নৈরাজ্য ও অপতৎপরতা’ চালালে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।গতকাল মঙ্গলবার বিকেলে ‘হরতালের নামে সন্ত্রাস ও মানুষ হত্যার’ প্রতিবাদে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলীয় নেতারা এ ঘোষণা দেন। মহানগর আওয়ামী লীগ দলের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে।আওয়ামী লীগের নেতারা সমাবেশে বলেন, শান্তি, প্রগতি, গণতন্ত্র ও মানুষের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দলের সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করবে।প্রধান অতিথি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘বিরোধী দলের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান।... এই নৈরাজ্যের আর প্রতিবাদ নয়, প্রতিহত করতে হবে।’মতিয়া চৌধুরী অভিযোগ করেন, সরকার নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু বিরোধী দল সহযোগিতা করছে না।ইলিয়াস আলীকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘একটা সন্ত্রাসীর জন্য এত মায়াকান্না কেন? একজনের জন্য চারজনের প্রাণ গেল কেন?’ বিএনপিকে সাপ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সাপের সঙ্গে রবীন্দ্রসংগীত গাইলে চলবে না। সাপ ঠেকাতে লাঠি ধরতে হবে।’দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ইলিয়াস নাটক সাজিয়ে ইস্যু সৃষ্টি করে নির্বাচিত সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি। হরতাল দিয়ে জনগণকে জিম্মি করে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে।’এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মৃণাল কান্তি দাস প্রমুখ।গতকাল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ও গুরুত্বপূর্ণ স্থানে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছেন। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় ছিল দিনভর।