'নৌকা প্রতীকে' দুটি আসনে প্রার্থী শাহীন চাকলাদার

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে দুটি আসনে ‘নৌকা প্রতীক’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গতকাল বুধবার বিকেলে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দলের নেতারা যশোর-৩ (সদর) ও যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
যদিও এ দুটি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও বর্তমান সাংসদ কাজী নাবিল আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ব্যাপারে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, মনোনয়নপত্রে দলীয় প্রার্থী ঘোষণা দিয়ে শাহীন চাকলাদার যশোর-৩ ও যশোর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দলীয় মনোনয়নের চিঠি সংযুক্ত করা হয়নি।
দলীয় মনোনয়নের চিঠি সংযুক্ত না করলে সরকারি মনোনয়ন বাতিল হবে কি না, জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আবদুল আওয়াল বলেন, ‘এ বিষয়ে এখন কোনো মন্তব্য করব না। মনোনয়নপত্র যে যেভাবে দিচ্ছেন, আজ আমরা শুধু জমা নিচ্ছি। যাচাই-বাছাইয়ের সময় বোঝা যাবে।’
গতকাল বিকেলে যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকজন নেতা জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে শাহীন চাকলাদারের পক্ষে যশোর-৬ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। যশোর-৩ আসনের জন্য শাহীন চাকলাদারের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খয়রাত হোসেন।
এর আগে গত সোমবার যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে শাহীন চাকলাদারের অব্যাহতিপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়ে আসেন। পরদিন মঙ্গলবার যশোরের জেলা প্রশাসক ওই পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠিয়ে দেন।
যশোর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে শাহীন চাকলাদার বঞ্চিত হন। এরপর তিনি পদত্যাগপত্র দিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও যশোরের বিভিন্ন হাটেমাঠে শাহীন চাকলাদার আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন। কোন আসন থেকে তিনি নৌকা প্রতীক পাচ্ছেন, এমন আলোচনা এখন সর্বত্র।
উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, ‘যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। গত সোমবার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলামের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠান। মঙ্গলবার পদত্যাগপত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।’
যশোরের ছয়টি আসনেই নৌকার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ২০১৪ সালের সংসদ নির্বাচনে শাহীন চাকলাদার যশোর সদর আসনে মনোনয়ন চেয়েও পাননি। তখন তাঁর সমর্থকেরা রাস্তায় আন্দোলন করেন মনোনয়নের দাবিতে।
দলীয় মনোনয়ন না পেয়েও ‘নৌকা প্রতীকে’ মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে গতকাল একাধিকবার যোগাযোগ করলেও শাহীন চাকলাদার ফোন ধরেননি।