নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা গত শুক্রবার নড়াইলের কালিয়ায় নির্বাচনী কর্মিসভা করেছেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন কর্মীদের উদ্দেশে বলেন, ‘পৌরসভা নির্বাচনে নৌকাকে জেতাতে যা যা করা দরকার, আপনারা তা-ই করবেন।’
কালিয়া পৌরসভা সূত্রে জানা গেছে, এখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হিরা, বিএনপির ওহিদুজ্জামান মিলু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এমদাদুল হক, ফকির মুশফিকুর রহমান, সোহেলী পারভীন, শেখ লায়েক হোসেন, স ম একরাম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের কয়েকজন কর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশি পাহারায় দলীয় নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের কালিয়া বারইপাড়া ফেরিঘাট থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে ওয়াহিদুজ্জামান হিরার নির্বাচনী কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বি এম এমদাদুল হকের সভাপতিত্বে কর্মিসভা হয়। এ সময় কামাল হোসেন বলেন, ‘নৌকার সমর্থক ও ভোটারদের কেউ ভয় দেখালে আমাকে বলবেন। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নৌকায় থাকলে সব রংবাজি করা সম্ভব, কিন্তু নৌকা না থাকলে কিছুই করতে পারবেন না।’ সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক কাজী সরোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সৌমেন চন্দ্র, মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা প্রমুখ।
এদিকে গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত পৌরসভার চাঁদপুর গ্রামের তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দুটি ফাঁকা গুলিও ছোড়া হয়। তরিকুল মেয়র প্রার্থী ফকির মুশফিকুর রহমানের সমর্থক। তরিকুল দাবি করেন, সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার সমর্থক।
মুশফিকুর রহমান ও এমদাদুল হক জানান, ওয়াহিদুজ্জামানের সমর্থকেরা তাঁদের কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নানাভাবে ভয় দেখাচ্ছেন। পুলিশের উপস্থিতিতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। ওহিদুজ্জামান মিলু বলেন, গণসংযোগের সময় তাঁর সমর্থকদের আওয়ামী লীগের প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই তিন প্রার্থীই মিথ্যা অভিযোগ করছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। কালিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রা করে কর্মিসভায় আনায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের।