
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান ওয়ালী উল্লাহকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে আধঘণ্টাব্যাপী উপজেলার গাওখালী বাজারের সড়কে এ মানববন্ধন হয়। বঙ্গবন্ধু পরিষদ দেউলবাড়ি দোবরা ইউনিয়ন শাখা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে কয়েক শ নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বঙ্গবন্ধু পরিষদের দেউলবাড়ি দোবরা ইউনিয়ন শাখার সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ব্যাপারী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ‘মুক্তিযুদ্ধের সময় গঠিত দেউলবাড়ি দোবরা ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন ওয়ালী উল্লাহর বাবা মাওলানা মফিজুর রহমান। ওয়ালী উল্লাহর চাচা মীম ফজলুর রহমান ১৯৭০ ও ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নেছারাবাদ-বানারীপাড়া আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বাধীনতাবিরোধীর সন্তান নৌকা প্রতীক পাওয়ায় আমরা ক্ষুব্ধ। মীম ফজলুর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলাম তালেবান যোদ্ধা হিসেবে আফগানিস্তানে যুদ্ধে নিহত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ওয়ালী উল্লাহ মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নির্বাচনে কর্মী হিসেবে কাজ করেছেন। এমন ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় আমরা ক্ষুব্ধ।’ ওয়ালী উল্লাহর হাত থেকে নৌকা প্রতীক ফিরিয়ে এনে নৌকার সম্মান ও ঐতিহ্য রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান বক্তারা।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান বলেন, ওয়ালী উল্লাহর বাবা মাওলানা মফিজুর রহমান দেউলবাড়ি দোবরা ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। এক বছর আগে ওয়ালী উল্লাহ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হয়েছেন।
ওয়ালী উল্লাহ বলেন, ‘আমি স্বরূপকাঠি কলেজে পড়াশোনা করার সময় ছাত্রলীগ করতাম। উপজেলা কৃষক লীগের আমি সদস্য। আমার বাবা স্বাধীনতাবিরোধী ছিলেন না। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমানকে জিজ্ঞেস করলে সব জানতে পারবেন।
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান বলেন, মফিজুর রহমান শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন না। দেউলবাড়ি দোবরা ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন লতিফ বাহাদুর।
১৯ মার্চ প্রথম আলোয় ‘এক আ.লীগ প্রার্থীদের বাছাই নিয়ে বিতর্ক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।