'নৌকা' 'নৌকা' স্লোগানে দাপুটে প্রচারণা

বেলা একটা বাজতেই মিছিল শুরু হয়ে যায়। ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে মুখরিত ঢাকা–১৬ আসনের নির্বাচনী এলাকা। কেউ ট্রাকে, কেউ হেঁটে, কেউ মোটরসাইকেল নিয়ে মিছিলে যোগ দেন। মিছিলগুলো শেষ হয় আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহর বাড়ির কাছাকাছি এসে।
পরে দুইটার দিকে গণসংযোগে বের হন এ আসনের আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কয়েক হাজার কর্মী–সমর্থক। তাঁদের হাতে ছিল বর্ণিল নৌকার রেপ্লিকা। রাস্তার দুই পাশে ভিড় করা জনতার অনেকেই হাত নেড়ে এ সাংসদকে শুভেচ্ছা জানান।
শোভাযাত্রাটি দুয়ারিপাড়া, রূপনগর, মিরপুর ৬ নম্বর, মিরপুর ১১ নম্বর হয়ে ১২ নম্বরের হাজী কুদরত আলী মোল্লাহ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা থেকে নৌকা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি লিফলেটও বিতরণ করা হয়।
ইলিয়াস উদ্দিন মোল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিজয়ের মাস, তাই প্রচারণার শেষ দিনে বিজয় শোভাযাত্রা বের করেছি।’ গণসংযোগে বের হয়ে এলাকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার বিবরণ দিয়ে দুইবারের এই সাংসদ বলেন, ‘৩০ তারিখের ভোটে এ আসনে নৌকা বিজয়ী হবে। এলাকাবাসী আমাকে আবার সংসদে পাঠাবেন।’
ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে উল্লেখ করে তিনি বলেন, কেউ মারামারি বা অন্য কোনো ঝামেলা তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে।
বিএনপির প্রচার
বিএনপির প্রার্থী আহসান উল্লাহ হাসানও গতকাল দ্বিতীয়বারের মতো প্রচারণায় নেমেছিলেন। সীমিত সময়ের জন্য পাঁচ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। তবে তাঁর কর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেছেন। ভোটারদের মধ্যে লিফলেট বিলি করেন।
আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, হামলা–মামলার ভয়ে প্রকাশ্যে প্রচারণা চালানোর সুযোগ নেই। তারপরেও ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভোট দেওয়ার পরিবেশ থাকলে মানুষ ধানের শীষকে আবার বিজয়ী করবেন।