কিশোরগঞ্জের তিনটি (করিমগঞ্জ, নিকলী ও বাজিতপুর) উপজেলা পরিষদের নির্বাচন ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তিন উপজেলার প্রত্যন্ত এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কিন্তু উপজেলাগুলোতে জনপ্রিয় সাবেক তিন নির্বাচিত চেয়ারম্যান এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাঁরা হলেন বর্ষীয়ান রাজনীতিক করিমগঞ্জের জনাব আলী, নিকলীর ইকবাল হোসেন ও বাজিতপুরের শেখ এ কে এম নূরুন্নবী বাদল। তাঁরা তিনজনই গত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন।
আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালীবাড়িতে এই তিনজন চেয়ারম্যানের কাছে এবারের নির্বাচনে প্রার্থী না হওয়ার কারণ জানতে চাইলে তাঁদের একজন ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ন্যাড়া একবারই বেলতলা যায়।’ উপজেলা চেয়ারম্যান মানেই ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার।’ ইকবাল জানান, উল্লিখিত কারণে চেয়ারম্যান হওয়ার ভালো সম্ভাবনা থাকার পরও নির্বাচনে অংশ নেননি তিনি।
ইকবাল বলেন, ‘এরশাদের আমলের উপজেলা পরিষদের চেয়ারম্যানদের স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে বিশাল ভূমিকা ছিল। বর্তমানে তাঁর ১০ শতাংশও নেই। তাই পাঁচ বছর চেয়ারম্যান থাকার পরও জনগণের জন্য কিছু করতে পারেননি তিনি। জনগণ বলে, ‘চেয়ারম্যান সাব আমরার লাইগ্যে কী করছুইন? উত্তর জানা নেই, তাই নির্বাচন করিনি।’
এ কে এম নূরুন্নবী বলেন, ‘বর্তমানে স্থানীয় পরিষদের মধ্যে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠান হলো উপজেলা পরিষদ। এখানে জনগণের জন্য প্রকৃতপক্ষে কিছু করা কঠিন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতার সঙ্গে চেয়ারম্যানের ক্ষমতার দূরত্বের কারণে দ্বন্দ্ব-কলহ লেগেই থাকে। ফলে জনগণের জন্য কার্যত কিছু করার মতো পরিবেশ থাকে না। অথচ এই উপজেলা পরিষদের মাধ্যমে দুই দশক আগে মাঠ পর্যায়ের সব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হতো। সরকার ও সাংসদের সদিচ্ছার অভাবে আগের সেই অবস্থা নেই। ফলে চেয়ারম্যান হওয়া মানেই হতাশা। শুধু শুধু নামের জন্য চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নেই, তাই নির্বাচন করিনি।’
জনাব আলী বলেন, ‘সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করেছি। আগেও চেয়ারম্যান ছিলাম। এলাকায় ব্যাপক উন্নয়নকাজ করেছি। বর্তমানে পরিষদের অবস্থা খুবই নাজুক। সরকার এবং সাংসদেরা ক্ষমতা খর্ব হওয়ার ভয়ে চেয়ারম্যানদের ক্ষমতা একবারে সীমিত পর্যায়ে নিয়ে এসেছেন। স্থানীয় সরকার-ব্যবস্থায় পরিষদকে শক্তিশালী করা না হলে জনগণ প্রকৃত সেবা পাবে না।’ তিনি বলেন, ‘আমলারা তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য উপজেলা পরিষদে জটিল পরিবেশ করে রেখেছে। ফলে সচেতন কোনো মানুষের পক্ষে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা কঠিন। তার পরও বলব, জাতীয় ও জনগণের স্বার্থে সরকার নতুন করে উপজেলা পরিষদ নিয়ে ভাববে।’
১৯ ফেব্রুয়ারির নির্বাচনে করিমগঞ্জ, নিকলী ও বাজিতপুরে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা লড়বেন। বাজিতপুরে তিন বিদ্রোহী প্রার্থী বিএনপির একক প্রার্থী কাইয়ূম খান হেলালের পক্ষে অবস্থান নিয়েছেন। নিকলীতে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী। তার পরও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এলাকার ভোটাররা জানান। করিমগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন। এরপরও আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা জানিয়েছেন।