‘ন্যায়বিচার না নিয়ে ঘরে ফিরে যেয়ো না’
‘এ কেমন রায় হলো, বধ্যভূমি কাঁদছে কেন?’ সাদা কাগজে এ রকম একটি স্লোগান নিয়ে একজন সংস্কৃতিকর্মী সড়কে বসে পড়েন। তাঁর সঙ্গে থাকা অন্যরাও রাস্তায় অবস্থান নেন। এভাবে একজন-দুজন করে ঘণ্টা খানেকের মধ্যে পুরো সড়ক ভরে ওঠে। বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এতে যোগ দেন। পরে তাঁদের সঙ্গে সড়কে অবস্থান নেন জনপ্রিয় লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল বুধবার বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক গতকাল বুধবার বিকেল থেকে এভাবেই উন্মুক্ত প্রতিবাদ মঞ্চে পরিণত হয়। প্রতিবাদী গান, কবিতা আর স্লোগানে কাদের মোল্লার ফাঁসির দাবি উচ্চকিত হয়। রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এখানে সন্ধ্যার পর বক্তৃতায় মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তরুণেরা যখন পড়ার সময়, তখন পড়ে। যখন পথে নামার সময়, তখন পথে নামে। তোমরা নেতৃত্ব নাও, আমরা পেছনে আছি। তোমরা ন্যায়বিচার না নিয়ে ঘরে ফিরে যেয়ো না।’ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহস্রাধিক শিক্ষার্থী হাতে লেখা পোস্টার, কার্টুন নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে রাস্তায় অবস্থান নেন। মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে স্ত্রী ইয়াসমিন হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাশ, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ শামসুল আলম, সাধারণ সম্পাদক মোস্তাবুর রহমান, শিক্ষক মোহাম্মদ ইউনুছ, এম এ গণি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত শহীদজননী জাহানারা ইমাম ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী অবস্থান কর্মসূচিতে যাগ দেন।সড়কে অবস্থান নিয়ে বিকেলে জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘এ রায়ে (কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড) ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। একাত্তর সালে তারা কী করেছিল, তা আমরা দেখেছি। একমাত্র ফাঁসিতে ঝোলানোই হবে ন্যায়বিচার।’ সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, আওয়ামী লীগের নগর কমিটির সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মইনুদ্দিন আহমদ, জাসদ মহানগর শাখার সভাপতি জাকির আহমদ, বাংলাদেশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদসহ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মদনমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সড়কের ওই স্থানে অবস্থান নেন।